২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভবিষ্যত গণমাধ্যমের যাত্রাপথ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Oct 2013, 06:00 PM

Updated : 01 Sep 2026, 05:59 PM

গাজী নাসিরউদ্দিন আহমেদ

বার্তা সম্পাদক

দ্রুত বদলে যেতে থাকা বিশ্বে মানুষের গণমাধ্যম     ব্যবহারের অভ্যাস ও রীতি পাল্টাচ্ছে প্রতিনিয়ত। মানুষের আচরণ ও অভ্যাস বদল গণমাধ্যমের পরিচিত পরিধিকে করেছে বিস্তৃত; চেনা খোলস পাল্টে আজকের গণমাধ্যম দাঁড়িয়ে আছে নতুন প্রতিবেশ নিয়ে। স্ক্রিনে চোখ রাখতে রাখতেই জীবনের অর্ধেক সময় পার করছি আমরা। অর্ধেকেরও বেশি সময় কাটছে আমাদের গণমাধ্যম প্রচারিত ও প্রকাশিত বিষয়বস্তু নিয়ে মেতে থেকে। কিন্তু তাতেও আমাদের তথ্যক্ষুধা মিটছে না। নিরেট তথ্যের সঙ্গে আমরা যোগ করছি প্রাসঙ্গিক পরিপ্রেক্ষিত। কষ্টিপাথরে যাচাই করা তথ্যের সঙ্গে অনিবার্য প্রাসঙ্গিকতা জুড়ে রচিত হচ্ছে ইতিহাসের   প্রাথমিক খসড়া। সংবাদ তাই আজ অমূল্য সামাজিক মুদ্রা।

ইতিহাস নির্মাণের খসড়া তৈরি করেই আমরা আমাদের পরিচয় নির্ধারণ করেছি। নতুন সমাজিক বিন্যাসে সংবাদই আমাদের বিনিময় মাধ্যম। মানুষের সঙ্গে আমরা সংবাদেই যোগাযোগ করি। নতুন বিশ্বে মানুষের সঙ্গে আমাদের বহুমুখী যোগাযোগের কারণ সংবাদই।

গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থার শরিক ব্যক্তি ও প্রতিষ্ঠান এবং সুদক্ষ সম্পাদকরা এই পরিবর্তনশীল পরিস্থিতিকে অনুধাবন করতে পারেন। সংবাদ ও তথ্য বিশ্লেষণের সঙ্গে ব্যক্তিগত মতামতের সূক্ষ ভেদরেখা মুছে দেওয়া ছদ্ম নিরপেক্ষ সাংবাদিকতার এই সময়ে আমাদের আদি ও অনন্য বৈশিষ্ট্য বস্তুনিষ্ঠা। আরেক কথায়, যথাব্যাকরণ মেনে নিরেট তথ্য সেচে আনা।

বাংলাদেশের গণতন্ত্র ও সাংবাদিকতার ক্রান্তিকালে এই দেশের প্রথম ইন্টারনেট সংবাদপত্র বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের আত্মপ্রকাশ। বাংলাদেশে সাংবাদিকতার চর্চায় নতুন মানদণ্ড নিয়ে আসাই আমাদের পরিচিতির একমাত্র দিক নয়। নতুন প্রযুক্তি নির্ভর ডিজিটাল বিষয়বস্তু নির্মাণ ও তার ব্যবহারে পাঠক-দর্শক-শ্রোতাদের অভ্যস্ত করার পথিকৃৎ হিসেবেও আমরা পরিচিত। আমাদের নতুন প্রাযুক্তিক পাটাতন বিষয়বস্তু ও পাঠক-দর্শক-শ্রোতাগোষ্ঠীকে একটি অখণ্ড অবয়বে নিয়ে এসেছে। পরিবর্তিত সামাজিক বিন্যাসে এর সক্রিয়তা দৃশ্যমান।

আমরা এটিকে অদূর ভবিষ্যতের একমাত্র গণমাধ্যম এবং বর্তমানের সবচেয়ে শক্তিশালী গণমাধ্যম বলে মনে করি।

বাংলাদেশে ভবিষ্যতের গণমাধ্যমের যাত্রাপথ রচনায় আমরাই অগ্রদূত বলে বিশ্বাস করি।