Published : 12 Feb 2026, 08:11 AM
ভোটের আগের রাতে গোপালগঞ্জে একাধিক ভোটকেন্দ্রের আশপাশ এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনায় এক যুবককে আটক করেছে যৌথবাহিনী।
বুধবার রাত সাড়ে ১২টার দিকে গোপালগঞ্জ জেলা পুলিশের মিডিয়া গ্রুপে এ তথ্য জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার মো. সারোয়ার হোসেন।
এর আগে সন্ধ্যা থেকে রাত পর্যন্ত সদর ও টুঙ্গিপাড়া উপজেলার অন্তত আটটি স্থানে এসব বিস্ফোরণের ঘটনা ঘটে বলে জানিয়েছে জেলা পুলিশ।
আটক ২৪ বছর বয়সী জিসান মোল্লা গোপালগঞ্জ সদর উপজেলার বোড়াশী পূর্বপাড়া গ্রামের খালেদ মোল্লার ছেলে।
অতিরিক্ত পুলিশ সুপার বলছেন, বুধবার সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত সাড়ে ৮টার মধ্যে গোপালগঞ্জ সদর উপজেলার ঘোষেরচর প্রাথমিক বিদ্যালয়ের পেছনের বাগানে একটি, ঢাকা খুলনা মহাসড়কের ওপর মান্দারতলা এলাকায় দুইটি, শহরের মধ্যপাড়া বীণাপানি স্কুলের পাশের রাস্তায় একটি, সদর উপজেলার মাঝিগাতি ১০ পল্লী নেছার উদ্দিন খান উচ্চ বিদ্যালয়ের পেছনে একটি, রঘুনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের রাস্তায় একটি, শহরের নীলার মাঠ এলাকার শহীদ মাহবুব সরকারি প্রাথমিক বিদ্যালয় সামনে পাকা রাস্তার ওপর একটি ও টুঙ্গিপাড়া উপজেলার ছিলনা গুয়াধানা বিন্দুবাসিনী উচ্চ বিদ্যালয়ের সামনে একটি ককটেল বিস্ফোরণ হয়।
“ককটেলগুলো ভোটকেন্দ্রের আশপাশ এলাকায় বিস্ফোরিত হয়েছে। এ ঘটনায় জিসান মোল্লা নামে এক দুষ্কৃতকারীকে আটক করেছে যৌথবাহিনী।”
গোপালগঞ্জ জেলা পুলিশের মিডিয়া গ্রুপে অতিরিক্ত পুলিশ সুপার সারোয়ার জানিয়েছেন, এ ঘটনায় যৌথ বাহিনীর অভিযান এবং আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে।
এর আগে ৩০ জানুয়ারি শহরের বেদ গ্রামে ২ আনসার ব্যাটালিয়নের সদর দপ্তর ও ২৮ জানুয়ারি কলেজ রোডে জেলা ও দায়রা জজ আদালতের বিচারকের বাসভবনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
এছাড়া ২৬ জানুয়ারি গোবরা এলাকায় গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মূল ফটক এবং গত ১২ ডিসেম্বর জেলা স্টেডিয়াম সংলগ্ন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামনে সড়কেও ককটেল বিস্ফোরণ হয়।