গোপালগঞ্জে ডিসির বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ
কিছুদিন ধরে গোপালগঞ্জ শহরের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটছে।
গোপালগঞ্জে জেলা প্রশাসকের বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে বলে গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মুহাম্মদ সরোয়ার হোসেন জানিয়েছেন।
জেলা পুলিশের মিডিয়া গ্রুপে দেওয়া বিজ্ঞপ্তিতে জানান হয়, সন্ধ্যায় গোপালগঞ্জ পৌরসভার দক্ষিণ পাশের প্রাচীর সংলগ্ন লঞ্চঘাট টু ঘোনাপাড়া পৌর সড়কের ফুটপাতে অজ্ঞাতনামা দুষ্কৃতিকারীরা একটি ককটেল নিক্ষেপ করলে তা বিস্ফোরিত হয়ে এলাকায় বিকট শব্দ হয়। তবে আর কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
সংবাদ পেয়ে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সদর থানার ওসি ঘটনাস্থল পরিদর্শন করেন।
জেলা পুলিশের গ্রুপ থেকে যে স্থানটির উল্লেখ করা হয়েছে, সেটি জেলা প্রশাসকের বাসভবনের সামনে।
কিছুদিন ধরে গোপালগঞ্জ শহরের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটছে। এর আগে গত ২৮ জানুয়ারি কলেজ রোডের জেলা ও দায়রা জজ আদালতের বিচারকের বাস ভবনে, ২৬ জানুয়ারি গোবরা এলাকায় গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিদ্যালয়ের মূল গেটের সামনে, ৩০ জানুয়ারি বেদগ্রাম এলাকায় ২ আনসার ব্যাটালিয়ন সদর দপ্তরে ককটেল বিস্ফোরণ ঘটানো হয় ।
অতিরিক্ত পুলিশ সুপার সরোয়ার হোসেন বলেন, ককটেল নিক্ষেপের পর দুষ্কৃতিকারীরা দ্রুত স্থান ত্যাগ করে চলে যায়। তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
