এই পরীক্ষা আগামী ৩০ মে বৃহস্পতিবার হবে বলে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব কমিটির সভাপতি অধ্যাপক তাসলিমা বেগম শনিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।
তিনি বলেন, সকালের পরীক্ষাগুলো ওই দিন সকাল ১০টায় এবং বিকালের পরীক্ষাগুলো দুপুর ২টায় শুরু হবে।
এনিয়ে হরতালের কারণে চলমান এইচএসসি ও সমমানের আটটি পরীক্ষা পেছানো হল। এর ফলে পিছিয়ে গেল ৪১টি বিষয়ের পরীক্ষা।

এইচএসসি পরীক্ষায় শিক্ষার্থীরা (ফাইল ছবি)।
রোববার আটটি সাধারণ বোর্ডের অধীনে এইচএসসি ও ডিপ্লোমা ইন বিজনেস স্টাডিজে সকালে গণিত (তত্ত্বীয়) প্রথম পত্র এবং অর্থায়ন ও উৎপাদন এবং বিপণন প্রথম পত্র, বিকালে সমাজ বিজ্ঞান প্রথম পত্র ও সমাজ কল্যাণ প্রথম পত্রের পরীক্ষা ছিলো।
এছাড়া ঘূর্ণিঝড় মহাসেনের জন্য গত ১৬ মের আটটি সাধারণ বোর্ডের অধীনে তিনটি বিষয় এবং ১৭ মের চট্টগ্রাম বোর্ডের দুটি বিষয়ের পরীক্ষা পিছিয়ে যায়।
তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল, আটক নেতাকর্মীদের মুক্তি এবং সভা-সমাবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে রোববার হরতাল ডেকেছে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট।