০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

যুক্তরাজ্য সফরে হ্যারি-মেগানকে রাজকীয় বাসভবনে থাকার প্রস্তাব

রাজার সঙ্গে তাদের সাক্ষাৎ হবে কি না তা এখনো স্পষ্ট নয়।

যুক্তরাজ্য সফরে হ্যারি-মেগানকে রাজকীয় বাসভবনে থাকার প্রস্তাব
প্রিন্স হ্যারি এবার যুক্তরাজ্য সফর করবেন পুরো পরিবার নিয়ে। ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2026, 02:16 PM

Updated : 19 Sep 2026, 02:25 PM

প্রিন্স হ্যারি ও তার স্ত্রী মেগান সন্তানদের নিয়ে আগামী মাসে যুক্তরাজ্য সফর করবেন। সেই সময় রাজকীয় একটি বাসভবনে থাকার জন্য তাদের প্রস্তাব দেওয়া হয়েছে।

বিবিসি লিখেছে, চার বছরের মধ্যে পুরো পরিবার নিয়ে এটিই হবে তাদের প্রথম যুক্তরাজ্য সফর। এ সফরে তাদের সঙ্গে থাকবেন সাত বছর বয়সি ছেলে আর্চি এবং পাঁচ বছর বয়সি মেয়ে লিলিবেট। 

রাজকীয় এস্টেটের ভেতরে তাদের থাকার প্রস্তাব দেওয়া হলেও এই দম্পতি এখনও তার জবাব দেননি বলে জেনেছে বিবিসি।

সংবাদমাধ্যমটি লিখেছে, এর আগের সফরগুলোতে প্রিন্স হ্যারি বাকিংহাম প্যালেসে থাকার প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন। এমন পরিচিত ও জনসম্মুখে থাকা একটি ভবনে নিরাপত্তার ঝুঁকি রয়েছে বলে তিনি মনে করেছিলেন।

তবে এবার তাদের জন্য কোন রাজকীয় বাসভবনটি খালি করার প্রস্তাব দেওয়া হয়েছে, তা জানা যায়নি।

আগামী বছরের জুলাইয়ে যুক্তরাজ্যের বার্মিংহামে আহত সামরিক কর্মীদের জন্য বিশেষ ক্রীড়া প্রতিযোগিতা ‘ইনভিকটাস গেমস’ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ প্রতিযোগিতার ‘আর মাত্র এক বছর বাকি’ উদযাপনের অংশ হিসেবে আগামী মাসে যুক্তরাজ্যে বেশ কিছু অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে প্রিন্স হ্যারির।

সন্তানদের সঙ্গে প্রিন্স হ্যারি ও তার স্ত্রী মেগান। মেগানের ইনস্টাগ্রাম থেকে নেওয়া

সন্তানদের সঙ্গে প্রিন্স হ্যারি ও তার স্ত্রী মেগান। মেগানের ইনস্টাগ্রাম থেকে নেওয়া

প্রিন্স হ্যারি গত বছর বিবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে রাজপরিবারের সঙ্গে সম্পর্ক ঠিক করার ইচ্ছার কথা জানিয়েছিলেন।

ব্রিটিশ রাজা চার্লসের সঙ্গে তার সবশেষ সরাসরি সাক্ষাৎ হয়েছিল ২০২২ সালে, রানি দ্বিতীয় এলিজাবেথের ‘প্ল্যাটিনাম জুবিলি’ উদযাপনের সময়। 

এরপর গত বছরের সেপ্টেম্বরে যুক্তরাজ্য সফরের সময় প্রিন্স হ্যারি ক্ল্যারেন্স হাউসে তার বাবার সঙ্গে দেখা করেছিলেন, যা ছিল ২০২৪ সালের ফেব্রুয়ারির পর তাদের প্রথম সরাসরি সাক্ষাৎ।

বিবিসি লিখেছে, হ্যারি ও তার পরিবারের এবারের সফরের নিরাপত্তা ব্যবস্থা কেমন হবে তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। তবে বাকিংহাম প্যালেস থেকে বাড়তি কোনো নিরাপত্তার ব্যবস্থা করার প্রস্তাব দেওয়া হয়নি বলে জানা যাচ্ছে।

যেকোনো ধরনের বাড়তি নিরাপত্তা দেওয়ার বিষয়টি যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেখভাল করে থাকে।

বিবিসি লিখেছে, রাজা চার্লসের সঙ্গে হ্যারি, মেগান ও তাদের সন্তানদের সাক্ষাতের সম্ভাবনা নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি বাকিংহাম প্যালেস। তারা বিষয়টিকে ‘ব্যক্তিগত পারিবারিক বিষয়’ বলে বর্ণনা করেছে।