২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জিরো-কোভিড নীতি বহাল থাকছে, ইঙ্গিত দিলেন শি জিনপিং

চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির ঐতিহাসিক কংগ্রেসের উদ্বোধনী অনুষ্ঠানে প্রেসিডেন্ট শি তার এই কোভিড নীতির পক্ষে সাফাই দিয়েছেন।

জিরো-কোভিড নীতি বহাল থাকছে, ইঙ্গিত দিলেন শি জিনপিং

ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Oct 2022, 06:16 PM

Updated : 16 Oct 2022, 06:16 PM

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং তার বিতর্কিত জিরো-কোভিড নীতি সহসাই শিথিল হচ্ছে না বলে আভাস দিয়েছেন।

রোববার ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির ঐতিহাসিক কংগ্রেসের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি তার এই নীতির পক্ষে সাফাই দেন।

তিনি বলেন, কোভিড-১৯ এর হঠাৎ প্রাদুর্ভাবে আমরা ব্যবস্থা নিয়েছি। আমরা জনগণ ও তাদের জীবনকে অন্য সবকিছুর তুলনায় বেশি প্রাধান্য দিয়েছি এবং এই ভাইরাসের বিরুদ্ধে জনগণের পুরোদস্তুর লড়াইয়ের উদ্যোগ নিতে লাগাতার জিরো কোভিড নীতি অনুসরণ করেছি।”

বিবিসি জানায়, করোনাভাইরাস সংক্রমণ ছড়িয়ে পড়া ঠেকাতে শি তার জিরো-কোভিড নীতিকে জনগণের লড়াই বলে অভিহিত করলেও এর আওতায় জারি থাকা কঠোর লকডাউন এবং ভ্রমণে কড়াকড়ির কারণে চীনে গণঅসন্তোষ, হতাশা বাড়ছে।

এই নীতি মানুষর জীবন বাঁচালেও চীনের মানুষের জীবযাত্রা এবং অর্থনীতিতে এর ক্ষতিকর প্রভাব পড়ছে।

কমিউনিস্ট পার্টি কংগ্রেসের আগে দিয়ে চীনে গণঅসন্তোষ বেড়ে প্রেসিডেন্ট শি’র বিরুদ্ধে বিরল বিক্ষোভও হয়েছে। কোভিড মোকাবেলায় বহু এলাকায় জারি থাকা কড়া বিধিনিষেধ নিয়ে অনলাইনেও ক্ষোভ ছড়িয়ে পড়ছে।

গতবৃহস্পতিবার টুইটারে ছড়িয়ে পড়া কয়েকটি ছবিতে বেইজিংয়ের উত্তর-পশ্চিমের হাইদিয়ান এলাকার একটি সেতুতে বিক্ষোভকারীদের দুটো ব্যানার ঝুলতে দেখা যায়।

একটিতে লেখা ছিল; “কোনও কোভিড পরীক্ষা নয়, আমরা খেতে চাই। কোনও কড়াকড়ি নয়, আমরা স্বাধীনতা চাই। কোনও মিথ্যা নয়, আমরা মর্যাদা চাই। কোনও সাংস্কৃতিক বিপ্লব নয়, আমরা সংস্কার চাই। কোনও নেতা নয়, আমরা ভোট চাই। আমরা দাস না, নাগরিক হতে চাই।”

অপর ব্যানারটিতে অধিবাসীদেরকে কর্মক্ষেত্রে, স্কুলে ধর্মঘটে নামার আহ্বান জানিয়ে বলা হয়, “স্বৈরশাসক ও জাতীয় বিশ্বাসঘাতক শি জিনপিংকে ক্ষমতা থেকে সরিয়ে দিন।”

পার্টি কংগ্রেসকে সামনে রেখে প্রতিবারের মতো এবারও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। কিন্তু তার ওপর কোভিড সংক্রমণ ঠেকানোর জন্য নগর কর্তৃপক্ষ আরো বাড়াবাড়ি রকমের কঠোর পদক্ষেপ নিয়েছে।

এমন কড়াকড়িতে অনলাইনে অনেকেই হতাশা, ক্ষোভ প্রকাশ করেছেন।

কিন্তু এতসব কিছুর পরও পার্টি কংগ্রেসের বক্তব্যে শি জিরো-কোভিড নীতির সাফাই গেয়ে এটি বহাল রাখার যে ইঙ্গিত দিয়েছেন, তাতে অদূর ভবিষ্যতে চীনে এ নীতি বদলে যাওয়া অসম্ভব বলেই মনে করেন সিঙ্গাপুরের জাতীয় ‘লি কুয়ান ইয়ে স্কুল অব পাবলিক পলিসি’ বিশ্বদ্যালয়ের অধ্যাপক আলফ্রেড উ।