২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আর্কটিকে প্রথম রাষ্ট্রদূত নিয়োগ দিচ্ছে যুক্তরাষ্ট্র

মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র বলেছেন, উত্তর মেরু অঞ্চলে যুক্তরাষ্ট্র সরকারের নীতি এগিয়ে নিতে অ্যাম্বাসেডর-অ্যাট-লার্জ নিয়োগ করা হবে।

আর্কটিকে প্রথম রাষ্ট্রদূত নিয়োগ দিচ্ছে যুক্তরাষ্ট্র

ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Aug 2022, 06:27 PM

Updated : 28 Aug 2022, 06:27 PM

আর্কটিক অঞ্চলে রাশিয়ার ক্রমবর্ধমান সামরিক তৎপরতার মধ্যে সেখানে প্রথমবারের মতো রাষ্ট্রদূত নিয়োগের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র বেদান্ত প্যাটেল বলেছেন, উত্তর মেরু অঞ্চলে যুক্তরাষ্ট্র সরকারের নীতি এগিয়ে নিতে অ্যাম্বাসেডর-অ্যাট-লার্জ নিয়োগ করা হবে।

পশ্চিমা সামরিক জোট নেটোর প্রধান ইয়েন্স স্টলটেনবার্গ গত শুক্রবার উত্তর মেরু অঞ্চলে রাশিয়ার হুমকির বিষয়ে সতর্ক করেছেন। আর্কটিকে চীনা তৎপরতা নিয়েও তিনি উদ্বেগ প্রকাশ করেন বলে জানিয়েছে বিবিসি।

স্টলটেনবার্গের সতর্কবার্তার পরই আর্কটিকে মার্কিন রাষ্ট্রদূত নিয়োগ পরিকল্পনার এ খবর এল।

নতুন মার্কিন রাষ্ট্রদূত সাতটি আর্কটিক দেশ - কানাডা, ডেনমার্ক, ফিনল্যান্ড, আইসল্যান্ড, নরওয়ে, সুইডেন এবং রাশিয়ার পাশাপাশি স্থানীয় আদিবাসী গোষ্ঠীসহ অন্য অংশীদারদের সঙ্গে কাজে নিয়োজিত থাকবেন বলে জানিয়েছেন যুক্রাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র প্যাটেল।

তিনি বলেন, “এ অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা যুক্তরাষ্ট্রের জন্য গুরুত্বপূর্ণ কৌশলগত বিষয় এবং পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের জন্য অগ্রাধিকার।”

ব্লিঙ্কেন শিগগিরই রাষ্ট্রদূতের নাম ঘোষণা করবেন। নিয়মানুযায়ী, তার নিয়োগ সেনেটের অনুমোদন পেতে হবে।

উত্তর মেরুর কাছে রাশিয়া উপস্থিতি বাড়িয়েছে এবং চীন আর্কটিক গবেষণা কেন্দ্র নির্মাণ করছে- এমন একটি সময়ে যুক্তরাষ্ট্র এই রাষ্ট্রদূত নিয়োগের ঘোষণা দিল।

নেটো মহাসচিব স্টলটেনবার্গ শুক্রবার আর্কটিকের কানাডীয় অঞ্চল পরিদর্শন করেন। সেখানে উত্তর মেরু অঞ্চলে রাশিয়ার সক্ষমতা নেটো জোটের জন্য এক কৌশলগত চ্যালেঞ্জ বলে উল্লেখ করেছেন তিনি।

নতুন মার্কিন রাষ্ট্রদূতের পদটি আগের আর্কটিক অঞ্চলের সমন্বয়ক পদের স্থলাভিষিক্ত হবে। পেশাদার কূটনীতিক জিম ডিহার্ট এই সমন্বয়কের পদে ছিলেন।