সিরিয়ায় ইরানি লক্ষ্যে যুক্তরাষ্ট্রের হামলা
এ আক্রমণ ইরান-সমর্থিত গোষ্ঠীগুলোর হামলা থেকে মার্কিন বাহিনীকে সুরক্ষিত রাখার লক্ষ্যে চালানো হয়েছে বলে দাবি যুক্তরাষ্ট্রের।
সিরিয়ায় ইরানের অভিজাত বিপ্লবী রক্ষীবাহিনীর (আইআরজিসি) সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত বিভিন্ন গোষ্ঠীর স্থাপনায় একাধিক বিমান হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী।
মঙ্গলবার দেইর আল-জোরে এসব হামলা হয় বলে এক বিবৃতিতে জানিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড।
এমন এক সময়ে এ হামলা হল, যখন ২০১৫ সালে স্বাক্ষরিত ইরান পরমাণু চুক্তির পুনরুজ্জীবনের লক্ষ্যে ইউরোপীয় ইউনিয়নের করা একটি খসড়া চুক্তির বিষয়ে যুক্তরাষ্ট্রের শিগগিরই আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানোর কথা; জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ।
সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ওই চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে এনেছিলেন, আর দেশটির বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন ওই চুক্তি ফের বাস্তবায়ন করতে চান।
যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ডের বিবৃতিতে বলা হয়েছে, মঙ্গলবারের এ আক্রমণ ইরান-সমর্থিত গোষ্ঠীগুলোর হামলা থেকে মার্কিন বাহিনীকে সুরক্ষিত রাখার লক্ষ্যে চালানো হয়েছে।
ইরান-সমর্থিত গোষ্ঠীগুলোর হামলার প্রেক্ষাপট হিসেবে তারা তাদের নেতৃত্বাধীন সামরিক জোট এবং যুক্তরাষ্ট্র সমর্থিত সিরিয়ার বিদ্রোহীদের পরিচালিত একটি কম্পাউন্ডে ড্রোন হামলার ঘটনার উল্লেখ করেছে; অবশ্য ওই হামলায় কেউ হতাহত হয়েছে বলে কোনো খবর পাওয়া যায়নি।
“এসব হামলা চালাতে প্রেসিডেন্ট নির্দেশনা দিয়েছিলেন,” বলেছেন সেন্ট্রাল কমান্ডের মুখপাত্র সেনাবাহিনীর কর্নেল জো বুচিনো।
এ হামলাগুলোকে ‘উত্তেজনা বৃদ্ধি ও হতাহতের ঝুঁকি কমানোর লক্ষ্যে যথোপযুক্ত ও সুস্পষ্ট পদক্ষেপ’ অ্যাখ্যা দিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড।
তবে তাদের বিবৃতিতে মঙ্গলবারের হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেছে কিনা, কিংবা তারা মানুষচালিত বিমান না মানুষবিহীন ড্রোন ব্যবহার করেছে তার কোনো উল্লেখ নেই।
ইরাক ও সিরিয়ায় ইরান সমর্থিত বাহিনীর ওপর মার্কিন যুদ্ধবিমানের এটাই প্রথম হামলা নয়। গত বছরের জুনেও যুক্তরাষ্ট্র সিরিয়ার দুটি এবং ইরাকের একটি স্থানে ইরান সমর্থিত বাহিনীগুলোর স্থাপনা ও অস্ত্রভাণ্ডারগুলোতে হামলা চালিয়েছিল।
জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের বিরুদ্ধে লড়তে, কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সের পাশে দাঁড়াতে বারাক ওবামার আমলে সিরিয়ায় প্রথম মার্কিন বাহিনী মোতায়েন করা হয়। এখন মধ্যপ্রাচ্যের এই দেশটিতে ৯০০-র মতো মার্কিন সেনা আছে, যাদের বেশিরভাগেরই অবস্থান দেশটির কুর্দি অধ্যুষিত পূর্বাঞ্চলে।
অন্যদিকে সিরিয়ার গৃহযুদ্ধে প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে সহায়তার মাধ্যমে সিরিয়ায় নিজেদের সুদৃঢ় অবস্থান গড়ে তুলেছে ইরান-সমর্থিত মিলিশিয়ারা।
ইউফ্রেতিস নদীর পশ্চিমে দেইর আল-জোর প্রদেশে এসব মিলিশিয়াদের শক্তিশালী ঘাঁটি আছে, সেখানে আল-বুকামাল সীমান্ত ক্রসিং দিয়ে ইরাক থেকে নিয়মিত রসদ সরবরাহ পায় তারা।
