২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাইজারে অভ্যুত্থানের পর নাগরিকদের সরানোর প্রস্তুতি ফ্রান্সের

ইউরোপের অন্যান্য দেশগুলোর নাগরিকদের সরিয়ে নেওয়ায় সহায়তা করবে বলেও জানিয়েছে ফ্রান্স।

নাইজারে অভ্যুত্থানের পর নাগরিকদের সরানোর প্রস্তুতি ফ্রান্সের

ছবি: রয়টার্স।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Aug 2023, 09:04 PM

Updated : 01 Aug 2023, 09:04 PM

পশ্চিম আফ্রিকার দেশ নাইজারে গত সপ্তাহের অভ্যুত্থানের পর ফরাসি-বিরোধী ভাবাবেগের কারণে ফ্রান্স দেশটি থেকে তাদের নাগরিকদের সরানোর প্রস্তুতি নিচ্ছে।

ইউরোপের অন্যান্য দেশগুলোর নাগরিকদের সরিয়ে নেওয়ায় সহায়তা করবে বলেও জানিয়েছে ফ্রান্স। নাইজারে অভ্যুত্থানের পরই সাবেক ঔপনিবেশিক শক্তি ফ্রান্সের বিরুদ্ধে বিক্ষোভ হয়। আক্রান্ত হয় সেখানকার ফরাসি দূতাবাস।

বুরকিনা ফাসো এবং মালির জান্তারা নাইজারে উৎখাত হওয়া প্রেসিডেন্টকে জোর করে পুনর্বহালের কোনও চেষ্টাকে যুদ্ধ ঘোষণা হিসাবে দেখা হবে বলে সতর্ক করার পর ফ্রান্স এমন পদক্ষেপ নিচ্ছে।

নাইজারের ওই দুই প্রতিবেশী দেশও ফ্রান্সের কলোনি ছিল। তারা ফ্রান্সের দিক থেকে সরে গিয়ে রাশিয়ার পক্ষ নিয়েছে। ওই দেশ দুটোতেও সম্প্রতি কয়েক বছর অভ্যুত্থান হয়েছে।

বিবিসি জানায়, গত রোববার নাইজারের রাজধানীতে ফ্রান্সের দূতাবাসের সামনে বিক্ষোভকারীরা ‘রাশিয়া দীর্ঘজীবী হোক’ এবং ‘ফ্রান্স নিপাত যাক’ বলে স্লোগান দিয়েছে। দূতাবাস চত্বরে আগুনও দিয়েছে তারা।

এমন পরিস্থিতির মুখে ফরাসি নাগরিকদের নাইজার থেকে ফিরিয়ে আনার প্রক্রিয়া মঙ্গলবার থেকেই শুরু করা হবে বলে জানিয়েছে ফরাসি পররাষ্ট্রমন্ত্রণালয়।

নাইজারের আকাশসীমা বন্ধ হওয়ার কারণেও এমন পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে তারা জানিয়েছে। কারণ, আকাশসীমা বন্ধ হওয়ার ফলে ফরাসিদের নিজস্বভাবে নাইজার ছেড়ে আসা সম্ভব হচ্ছে না।

ইতালির পররাষ্ট্রমন্ত্রণালয়ও বলেছে, তারাও নাইজারে তাদের দেশের নাগরিকদেরকে রাজধানী ছেড়ে বিশেষ ফ্লাইটে করে ইতালি যাওয়ার সুযোগ করে দেওয়ার প্রস্তাব দিচ্ছে।

গত বুধবার নাইজারের প্রেসিডেন্সিয়াল গার্ড বাহিনী রাজধানী নিয়ামে প্রেসিডেন্ট প্রাসাদে প্রেসিডেন্ট বাজোমকে বন্দি করে অভ্যুত্থান ঘোষণা করে। পরে দেশটির সামরিক বাহিনী অভ্যুত্থানে সমর্থন জানায়।

আফ্রিকান ইউনিয়ন, জাতিসংঘ এবং ফ্রান্সসহ অন্যান্য আন্তর্জাতিক শক্তি এভাবে নির্বাচিত সরকারকে উৎখাতের ঘটনার নিন্দা জানিয়েছে। পশ্চিম ও মধ্য আফ্রিকার দেশগুলোতে তিন বছরের কম সময়ে এটি সপ্তম সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখলের ঘটনা।

নাইজারের ক্ষমতা দখল করা জান্তা বাহিনী আগেই বিদেশি কোনো হস্তক্ষেপের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করে রেখেছে। বলেছে, এর ফলে শুধু রক্তই ঝরবে এবং বিশৃঙ্খলা দেখা দেবে।