লেবাননের ছোড়া ক্ষেপণাস্ত্রে প্রাণ গেল ইসরায়েলি মা-ছেলের
হামলায় ৭৪ বছর বয়সী আরেক ব্যক্তি আহত হয়েছেন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহতরা সবাই একই পরিবারের সদস্য।
লেবানন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্রের আঘাতে ৭৬ বছর বয়সী এক ইসরায়লি নারী ও তার ৪০ বছর বয়সী ছেলে নিহত হয়েছে।
রোববার লেবানন সীমান্তবর্তী ইসরায়লের উত্তরাঞ্চলীয় কেফার য়ুভাল গ্রামে ওই হামলা হয়।যার মাত্র কয়েকঘণ্টা আগে ইসরায়েলি সামরিক বাহিনীর পক্ষ থেকে বলা হয়, চারজন সশস্ত্র জঙ্গি ভারী অস্ত্র নিয়ে লেবানন সীমান্ত দিয়ে ইসরায়েলে প্রবেশের চেষ্টা করার সময় তারা তাদের হত্যা করেছে।
গাজায় তিন মাস ধরে চলা ইসরায়েলের অভিযানের প্রতিবাদে দেশটির সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়েছে ইরান সমর্থিত লেবাননের মিলিশিয়া গোষ্ঠী হিজবুল্লাহ। দুই পক্ষের গোলা বিনিময়ে উভয় দেশে গত কয়েক সপ্তাহে বেশ কয়েকজন নিহত হয়েছে।
ইসরায়েলের সামরিক বাহিনী এবং চিকিৎসা কর্মকর্তারা জানান, রোববার লেবানন থেকে যে ট্যাংক বিধ্বংসী ক্ষেপণাস্ত্রটি ছোড়া হয় সেটি কৃষি নির্ভর গ্রাম কেফার য়ুভালের একটি বাড়িতে গিয়ে আঘাত করে। দুই জন নিহত হওয়া ছাড়াও হামলায় ৭৪ বছর বয়সী আরেক ব্যক্তি আহত হয়েছেন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহতরা সবাই একই পরিবারের সদস্য।
