০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

সৌদি আরবের বিমানবন্দরে ইয়েমেনের হুতিদের হামলায় নিহত ৩

বৃহস্পতিবারের এ হামলায় আরও কয়েকজন আহত হয়েছে। এতে সৌদিয়া এয়ারলাইনসের উড়োজাহাজ ক্ষতিগ্রস্ত হয় এবং বিমানবন্দরে ধোঁয়ার কুণ্ডলী ওঠে। এতে অনেক এয়ারলাইন্স ফ্লাইটও বাতিল করেছে।

সৌদি আরবের বিমানবন্দরে ইয়েমেনের হুতিদের হামলায় নিহত ৩

অস্ত্র হাতে হুতি সমর্থকরা। ছবি: রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 09 Oct 2026, 08:38 PM

Updated : 09 Oct 2026, 08:38 PM

সৌদি আরবের বিমানবন্দরে বৃহস্পতিবারের হামলায় তিন জন নিহত হয়েছে বলে শুক্রবার জানিয়েছে কর্তৃপক্ষ।

যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত থেকে শুরু হওয়া যুদ্ধ আরও তীব্র হতে থাকার মধ্যে সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলা বাড়িয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহী গোষ্ঠী। দেশটির আকাশসীমা বন্ধ করে দেওয়ার চেষ্টা করেছে তারা।

হামলায় আরও কয়েকজন আহত হয়েছে। এতে সৌদিয়া এয়ারলাইনসের একটি উড়োজাহাজ ক্ষতিগ্রস্ত হয় এবং বিমানবন্দরের ওপর ধোঁয়ার কুণ্ডলী ওঠে। এতে অনেক এয়ারলাইন্স রিয়াদগামী ফ্লাইট বাতিল করেছে।

কয়েকদিন পরই সৌদি আরবের রাজধানীতে বিশ্বের তেল-প্রধানদের একটি বড় বৈঠকের আয়োজন হওয়ার কথা রয়েছে।

হুতি কর্মকর্তারা ও তাদের সংশ্লিষ্ট গণমাধ্যম জানিয়েছে, রাতভর ইয়েমেনের রাজধানী সানায় হুতি লক্ষ্যবস্তুতে সৌদি আরবের বিমান হামলা হয়েছে, যা ইরান-সমর্থিত গোষ্ঠীটির বিরুদ্ধে তীব্রতর বিমানযুদ্ধেরই অংশ।

সাম্প্রতিক সময়ে গোষ্ঠীটির দখল করা অঞ্চল পুনরুদ্ধার, আন্তর্জাতিক নৌপরিবহনে হুমকি এবং সৌদি আরবে হামলার জবাব দিতে এই অভিযান চালানো হচ্ছে।

ইয়েমেনে সরকারি বাহিনীকে সমর্থন দেওয়া সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছে, হুতিদের ব্যবহৃত তিনটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের স্থান ধ্বংস করা হয়েছে। বেসামরিক মানুষের ওপর হামলার কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছে জোট।

হুতিরা যারা ইয়েমেনের তৃতীয় বৃহত্তম শহর তাইজে ইয়েমেনি সরকারি বাহিনীকে ঘিরে ফেলেছে এবং সৌদি-সমর্থিত আক্রমণের মুখে লোহিত সাগর উপকূলে নিজেদের অবস্থান রক্ষার চেষ্টা করছে, তারা এ সপ্তাহের শুরুতে সৌদি আরবের বিমানবন্দরগুলোতে হামলায় ইতোমধ্যে তিনজনকে হত্যা করেছে।

সৌদি আরবের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, রিয়াদ বিমানবন্দরে আকাশপথে যান চলাচল স্বাভাবিক হয়েছে। ফ্লাইট ট্র্যাকিং সাইট ফ্লাইটরাডার২৪-এ দেখা গেছে, পশ্চিম এশিয়ার কিছু এয়ারলাইন্সসহ ধীরে ধীরে ফ্লাইট চলাচল শুরু হয়েছে। সৌদিয়া এয়ারলাইনস জানিয়েছে, বৃহস্পতিবারের হামলায় নিহতদের একজন তাদের কর্মী।

গত মাসে হুথিরা ইয়েমেনের লোহিত সাগর উপকূলে ঝটিকা অভিযানে বাব আল মান্দেব প্রণালির আশপাশের পুরো উপকূলরেখার নিয়ন্ত্রণ নেয়। এতে দীর্ঘদিন সুপ্ত থাকা সংঘাতে ফের জড়িয়ে পড়ে ইয়েমেনের সরকারি বাহিনীর পাল্টা অভিযানকে সমর্থন দেয় সৌদি আরব।

সোমবার তীব্র সৌদি বিমান হামলার পর ইয়েমেনের সরকারি বাহিনী বাব আল-মান্দেব উপকূলরেখার আশপাশের ভূখণ্ড হুতিদের দখলমুক্ত করে। তবে সেখানে লড়াই এখনও চলছে।

ইয়েমেন সরকার বাব আল-মান্দেব হুতিমুক্ত করা হয়েছে বলে দাবি করলেও বার্তা সংস্থা রয়টার্স তা যাচাই করতে পারেনি। উপকূলের কিছুটা ওপরে মোখায় হুতিরা এখনও রয়েছে। ইয়েমেনের সরকারি বাহিনী এখন কাছের পাহাড়ি এলাকায় লড়াইয়ে নজর দিচ্ছে যেখান থেকে অঞ্চলটি দেখা যায়।