২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘সুনাক পারবে’, আশাবাদী বিলিয়নেয়ার শ্বশুর

তথ্যপ্রযুক্তিভিত্তিক বহুজাতিক কোম্পানি ইনফোসিসের সহ-প্রতিষ্ঠাতা নারায়ণের সম্পত্তির মূল্য সাড়ে চারশ কোটি ডলার বলে চলতি বছর দেওয়া হিসাবে জানিয়েছে ফোর্বস।

‘সুনাক পারবে’, আশাবাদী বিলিয়নেয়ার শ্বশুর

ঋষি সুনাক, তার স্ত্রী অকশতা ও দুই মেয়ে কৃষ্ণা, আনুশকা।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Oct 2022, 03:23 PM

Updated : 25 Oct 2022, 03:24 PM

যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে ঋষি সুনাকের নিয়োগ নিশ্চিত হওয়ার পর প্রথম মন্তব্যে জামাতার সফলতা কামনা করেছেন বিলিয়নেয়ার শ্বশুর নারায়ন মূর্তি।

রোববার কনজারভেটিভ পার্টির নেতৃত্ব নির্বাচনের দৌড়ে জিতে প্রথম ভারতীয় বংশোদ্ভূত হিসেবে ব্রিটিনের প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন ৪২ বছর বয়সী সুনাক। মঙ্গলবার বাকিংহাম প্যালেসে গিয়ে রাজা চার্লসের সঙ্গে দেখা করে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেবেন তিনি।

“ঋষিকে অভিনন্দন। আমরা তাকে নিয়ে গর্বিত, তার সফলতা কামনা করছি,” জামাতার ব্রিটিশ প্রধানমন্ত্রী হওয়ার খবরে আনন্দিত নারায়ণ এমনটাই বলেছেন বলে বার্তা সংস্থা পিটিআইয়ের বরাত দিয়ে জানিয়েছে এনডিটিভি।

তথ্যপ্রযুক্তিভিত্তিক বহুজাতিক কোম্পানি ইনফোসিসের সহ-প্রতিষ্ঠাতা নারায়ণের সম্পত্তির মূল্য সাড়ে চারশ কোটি ডলার বলে চলতি বছর দেওয়া হিসাবে জানিয়েছে ফোর্বস।

প্রধানমন্ত্রী হওয়ার পর যুক্তরাজ্যের অর্থনীতিকে স্থিতিশীল করার পাশাপাশি বহুধাবিভক্ত কনজারভেটিভ পার্টিকে ঐক্যবদ্ধ করার চ্যালেঞ্জও সামলাতে হবে সুনাককে।

জামাতা এই চ্যালেঞ্জ মোকাবেলায় সফল হবেন বলে আশাবাদও ঝরে পড়েছে বিলিয়নেয়ার শ্বশুরের মুখ থেকে।

“যুক্তরাজ্যের জনগণের জন্য সে যে তার সেরাটা দেবে, সে ব্যাপারে আমরা আত্মবিশ্বাসী,” বলেছেন নারায়ণ।

ফার্মাসিস্ট মা ও চিকিৎসক বাবার ছেলে সুনাক পড়ালেখা করেছেন যুক্তরাজ্যের উইনচেস্টার কলেজে, পরে অক্সফোর্ডে। তিনি তিন বছর গোল্ডম্যান স্যাকসে কাজ করেন; পরে ক্যালিফোর্নিয়ার স্ট্যানফোর্ড থেকে এমবিএ ডিগ্রি নেন, এখানেই ইনফোসিসের সহ-প্রতিষ্ঠাতা নারায়ণের মেয়ে অকশতা মূর্তির সঙ্গে দেখা হয় তার।

২০০৯ সালে অকশতার সঙ্গে বিয়ে হয় সুনাকের। কৃষ্ণা ও আনুশকা নামে এই দম্পতির দুই মেয়ে আছে।