২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাশিয়ায় কূটনীতিক আটক ও বহিষ্কার নিয়ে জাপানের ক্ষুব্ধ প্রতিক্রিয়া

গুপ্তরচরবৃত্তির অভিযোগে জাপানি এক কূটনীতিক রাশিয়ায় আটক এবং বহিষ্কারাদেশ পাওয়ার ঘটনায় জাপান এর পাল্টা জবাব দেওয়ারও ইঙ্গিত দিয়েছে।

রাশিয়ায় কূটনীতিক আটক ও বহিষ্কার নিয়ে জাপানের ক্ষুব্ধ প্রতিক্রিয়া

ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Sep 2022, 09:01 PM

Updated : 27 Sep 2022, 10:01 PM

গুপ্তরচরবৃত্তির অভিযোগে জাপানি এক কূটনীতিক রাশিয়ায় আটক এবং বহিস্কারাদেশ পাওয়ার ঘটনায় জাপান ক্ষুব্ধ প্রতিক্রিয়া প্রকাশ করেছে। এর পাল্টা জবাব দেওয়ারও ইঙ্গিত দিয়েছে দেশটি।

রাশিয়ার ফেডারেল সিকিউরিটি সার্ভিস (এফএসবি) সোমবার ভ্লাদিভোস্তক শহরে ওই জাপানি কূটনীতিককে আটক করার পর মঙ্গলবার তাকে মুক্তি দিয়ে ৪৮ ঘণ্টার মধ্যে রাশিয়া ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দিয়েছে।

জাপানের মোতোকি তাতসুনোরি নামের এ কূটনীতিক রাশিয়ায় কনসাল হিসেবে কাজ করছিলেন। এফএসবি বলছে, রাশিয়ার প্রত্যন্ত পূর্বাঞ্চলের অর্থনৈতিক পরিস্থিতির ওপর পশ্চিমা নিষেধাজ্ঞার প্রভাব নিয়ে গোপন তথ্য একাট্টা করার সময় তাতসুনোরি হাতেনাতে ধরা পড়ার পর তাকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করা হয়েছে।

তাছাড়া, জাপানি ওই কূটনীতিক এশিয়ার একটি দেশের সঙ্গে রাশিয়ার সহযোগিতার গোপন তথ্যও অর্থের বিনিময়ে সংগ্রহ করেছেন বলেও মস্কো অভিযোগ করেছে।

এফএসবি জানায়, জাপানি কনসালের এই কর্মকাণ্ড নিয়ে মস্কো কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে টোকিও’র বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে।

তবে টোকিও তাদের কূটনীতিকের বিরুদ্ধে রাশিয়ার তোলা সব অভিযোগ অস্বীকার করে তাকে আটকের ঘটনায় ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছে। জাপান বলছে, রাজনৈতিক কারণে তাদের কনসালকে আটক করে রাশিয়া কূটনৈতিক সম্পর্ক বিষয়ক ভিয়েনা কনভেনশন লঙ্ঘন করেছে।

জাপানের শীর্ষ সরকারি মুখপাত্র মাতসুনো বলেছেন, মস্কো জাপানি কনসাল তাতসুনোরিকে চোখ বেঁধে, চাপ প্রয়োগ করে, ভয়ভীতি দেখিয়ে কাস্টডিতে নিয়েছে, যা স্পষ্টতই কূটনৈতিক সম্পর্ক বিষয়ক ভিয়েনা কনভেনশনের লঙ্ঘন।

“কনসাল তাতসুনোরি কোনওরকম অবৈধ কর্মকাণ্ডে জড়িত ছিলেন না” বলেও দাবি করেছেন মাতসুনো। তিনি বলেন, জাপানের উপ-পররাষ্ট্রমন্ত্রী জাপানে নিযুক্ত রুশ রাষ্ট্রদূতকে বলেছেন যে, ‘টোকিওরও একইরকম পাল্টা পদক্ষেপ নেওয়া দরকার’ এবং তারা মস্কোর কাছ থেকে এ ঘটনার জন্য আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাওয়ার দাবি জানাচ্ছে।