ইউক্রেইনে রুশ হামলায় দুই যমজ বোনসহ নিহত ১১
তবে রাশিয়া বেসামরিক নাগরিকদের নিশানা করে হামলা চালানোর কথা আবারও অস্বীকার করেছে।
ইউক্রেইনের পূর্বাঞ্চলীয় শহর ক্রামাতোরস্কে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় দুই যমজ বোনসহ নিহতের সংখ্যা বেড়ে ১১ জনে দাঁড়িয়েছে। নিহত দুই বোনের বয়স ১৪ বছর। তাদের নাম ইউলিয়া ও আন্না আকেশেঙ্কো।
তবে রাশিয়া বেসামরিক নাগরিকদের নিশানা করে হামলা চালানোর কথা আবারও অস্বীকার করেছে। ক্রামাতোরস্কে হামলার কথা রাশিয়া স্বীকার করলেও তারা আদতে ইউক্রেইনের কমান্ডারদের ওপর হামলা করেছে দাবি করেছে।
জরুরি সেবা বিভাগ বলেছে, একটি রেস্তোঁরায় ক্ষেপণাস্ত্র আঘাত হানার প্রায় ২৪ ঘন্টা পর বুধবার সন্ধ্যা নাগাদ ধ্বংসস্তুপ থেকে ১১ জনকে উদ্ধার করা হয়েছে। নিহতদের মধ্যে অন্তত তিন শিশু আছে। আহত হয়েছে ৫৬ জন।
দোনেৎস্কের যুদ্ধক্ষেত্রের পশ্চিমে অবস্থিত ক্রামাতোরস্ক শহর কিইভ বাহিনীর রসদ সরবরাহে বেশ গুরুত্বূপূর্ণ; রাশিয়া সেখানকার গুরুত্বপূর্ণ অনেক সেনা স্থাপনা এবং সৈন্য, অস্ত্র ও সরঞ্জাম লুকিয়ে রাখা বেসামরিক স্থাপনায়ও নিয়মিত হামলা চালাচ্ছে।
রাশিয়া গত বছরের ফেব্রুয়ারিতে তাদের প্রতিবেশী দেশে ‘বিশেষ সামরিক অভিযান’ শুরু করেছে. এই অভিযানে বেসামরিক ব্যক্তি ও লক্ষ্যের ওপর হামলা করা হচ্ছে না বলে শুরু থেকেই দাবি করে আসছে তারা।
