ভূমিকম্প: উদ্ধার কার্যক্রমে বিঘ্ন ঘটাতে পারে তীব্র ঠাণ্ডা
গাজিয়ানতেপে দিনের বেলায় তাপমাত্রা ৪ থেকে ৬ সেলসিয়াসের মধ্যে থাকলেও, রাতে মাইনাস ৭ ডিগ্রিতে নামতে পারে।
ভূমিকম্প বিধ্বস্ত সিরিয়ার উত্তরাঞ্চল ও তুরস্কের দক্ষিণাঞ্চল ভারি বৃষ্টিপাত ও ব্যাপক তুষারপাতের পর চলতি সপ্তাহে ক্রমশ রৌদ্রজ্জ্বল ও শুষ্ক হয়ে ওঠার কথা।
এর মধ্যে কিছু কিছু এলাকায় মঙ্গলবারও তুষারপাত হওয়ার কথা রয়েছে, তার সঙ্গে হিমশীতল বাতাস যে তীব্র ঠাণ্ডা নিয়ে আসবে তাতে দুর্গত এলাকাগুলোর পরিস্থিতি আরও নাজুক হয়ে পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।
বিবিসি জানিয়েছে, তুরস্কে প্রথম ভূমিকম্প যে স্থানে আঘাত হেনেছে, সেই গাজিয়ানতেপে মঙ্গলবার দিনের বেলায় তাপমাত্রা ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলেও, রাতে তা মাইনাস ৭ ডিগ্রিতে নামতে পারে।
পাহাড়ের দিককার শহর ও গ্রামগুলোতে এটি আরও কমে মাইনাস ১৫ ডিগ্রি সেলসিয়াসেও পৌঁছাতে পারে।
সিরিয়াতে এতটা ঠাণ্ডা না পড়লেও সেখানেও দিনের বেলায় তাপমাত্রা ১০ থেকে ১১ ডিগ্রি সেলসিয়াসের বেশি হবে না। রাতে তাপমাত্রা কমে মাইনাস ৩ ডিগ্রি সেলসিয়াসে নেমে যেতে পারে।
তীব্র এ ঠাণ্ডা দুই দেশেই উদ্ধারকাজে বিঘ্ন ঘটাতে পারে। এতে উভয় দেশেই মৃত্যুর সংখ্যা আরও বেড়ে যেতে পারে।
সোমবার স্থানীয় সময় ভোররাতে ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পটিতে তুরস্ক ও প্রতিবেশী সিরিয়ায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বহু অ্যাপার্টমেন্ট ব্লক ধসে পড়েছে, হাসপাতাল ক্ষতিগ্রস্ত হয়েছে এবং হাজার হাজার মানুষ আহত ও গৃহহীন হয়ে পড়েছে।
ভয়াবহ এ ভূমিকম্পে নিহতের সংখ্যাও এরই মধ্যে ৫ হাজার ছাড়িয়ে গেছে।
ব্যাপক বিপর্যয়ে ত্রাণ প্রচেষ্টা ব্যাহত হচ্ছে, উদ্ধারকারীরা ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া লোকজনকে রক্ষা করতে গিয়ে হিমশিম খাচ্ছেন; ভূমিকম্প কবলিত অঞ্চলগুলোর অধিকাংশ এলাকায় মঙ্গলবার এমন হতাশাজনক চিত্র দেখা গেছে বলে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে।
আরও পরাঘাত বা কম্পনের ভয়ে অনেকে বাড়ি ফিরতে ভয় পাচ্ছেন, এ পরিস্থিতিতে অনেককে রাস্তার ওপর জ্বালানো অস্থায়ী আগুনের চারপাশে জড়ো হতে দেখা গেছে।
