২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মালয়েশিয়ায় পার্লামেন্ট বিলুপ্ত, আগাম নির্বাচন নিয়ে মাহাথিরের সতর্কবার্তা

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ইসমাইল সাবরি ইয়াকুব গত সোমবার পার্লামেন্ট ভেঙে দিয়ে আগাম নির্বাচনের ডাক দিয়েছেন।

মালয়েশিয়ায় পার্লামেন্ট বিলুপ্ত, আগাম নির্বাচন নিয়ে মাহাথিরের সতর্কবার্তা

ছবি: রয়টার্স

রয়টার্স

Published : 11 Oct 2022, 09:49 PM

Updated : 11 Oct 2022, 10:30 PM

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ইসমাইল সাবরি ইয়াকুব সোমবার পার্লামেন্ট ভেঙে দিয়ে আগাম নির্বাচনের ডাক দিয়েছেন। তবে এ নির্বাচন নিয়ে সতর্ক করেছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ।

তিনি বলেন, দুর্নীতিগ্রস্ত ক্ষমতাসীন দল নতুন নির্বাচনে জয় পেলে দুর্নীতির অভিযোগে কারান্তরীণ সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাক অবাধে মুক্তি পেয়ে যেতে পারেন।

ওয়ান মালয়েশিয়া ডেভেলপমেন্ট বেরহাদ (ওয়ানএমডিবি) নামক রাষ্ট্রীয় তহবিল থেকে কয়েকশ’ কোটি ডলার আত্মসাতে জড়িত থাকার একাধিক অভিযোগ আছে নাজিব রাজাকের বিরুদ্ধে। এর মধ্যে একটি মামলায় নাজিব দোষী সাব্যস্ত হওয়ায় গত অগাস্টে ১২ বছরের জেল হয় তার।

মালয়েশিয়ায় সাধারণ নির্বাচন হওয়ার কথা ছিল ২০২৩ সালের সেপ্টেম্বরে। তার প্রায় ৯ মাস আগেই নির্বাচনের পট প্রস্তুত হল। এবছর নভেম্বরের শুরুতে নতুন নির্বাচন হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ক্ষমতাসীন দল ইউনাইটেড মালয়স ন্যাশনাল অর্গানাইজেশনের (ইউএমএনও) ভেতর থেকে তীব্র চাপ এবং দুর্নীতির অভিযোগে দলটির কিছু নেতার দীর্ঘদিনের কারাদণ্ড হওয়ার আশঙ্কার মুখে প্রধানমন্ত্রী ইয়াকুব পার্লামেন্ট বিলুপ্ত করেছেন।

ক্ষমতাসীন জোটের সবচেয়ে বড় দল ‘ইউনাইটেড মালয়স ন্যাশনাল অর্গানাইজেশন’ এখনও সাবেক প্রধানমন্ত্রী নাজিব ও দুর্নীতির দায়ে অভিযুক্ত অন্য নেতাদের অনুগত। শরিক দলগুলোর সঙ্গেও দলটি বিরোধে জড়িয়েছে।

ওয়ানএমডিবি কেলেঙ্কারি এবং কোভিড সংকটের শুরু থেকে মালয়েশিয়ায় বিরাজমান রাজনৈতিক অস্থিতিশীলতার অবসান ঘটাতে এবং নিজস্বভাবে সরকার গঠনের জন্য জোরাল জনরায় জেতার লক্ষ্য নিয়ে এখন আগাম নির্বাচনের পথে হাঁটছে ইউএমএনও।

প্রধানমন্ত্রী ইসমাইল সাবরি ইয়াকুব সোমবার টিভিতে এক বক্তব্যে জানান, গত রোববার তিনি মালয়েশিয়ার রাজা সুলতান আবদুল্লাহ সুলতান আহমেদ শাহের সঙ্গে দেখা করেছেন এবং পার্লামেন্ট ভেঙে দিয়ে আগাম নির্বাচন করার অনুমতি পেয়েছেন।

ইয়াকুব আরও জানান, তার সরকারের বৈধতা নিয়ে সমালোচনার মুখেই তিনি আগাম নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছেন। নির্বাচন কমিশন জানিয়েছে, তারা শিগগিরই নির্বাচনের দিন নির্ধারণ নিয়ে বৈঠকে বসবে।

Image

মাহাথির মোহাম্মদ।

বিরোধী রাজনীতিবিদদের আশঙ্কা, এই নির্বাচনের বদৌলতে নাজিবের মতো দুর্নীতিগ্রস্ত রাজনীতিবিদরা আবার প্রভাবশালী অবস্থানে ফিরে আসার পথ পেয়ে যাবে এবং দেশে দুর্নীতিবিরোধী লড়াইয়ের অগ্রগতি ব্যাহত হবে।

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ মঙ্গলবার সতর্কবার্তা দিয়ে বলেছেন, ইউএমএনও নির্বাচনে জিতলে নাজিব রাজাকের বিরুদ্ধে কয়েক ডজন দুর্নীতির অভিযোগ তুলে নেওয়ার পাশাপাশি রাজকীয় ক্ষমার মধ্য দিয়ে তাকে জেল থেকে বের করে আনতে পারে।

এক সংবাদ সম্মেলনে প্রশ্ন রেখে তিনি বলেন, “ওই দলটি কি জয়ী হয়ে সরকার গঠন করতে পারবে? আদতে (জয়) এটিই তাদের প্রথম লক্ষ্য, মানুষের কল্যাণ করার বিষয়টি নয়।”

নাজিবের মতো ইউএমএনও দলের প্রেসিডেন্ট আহমেদ জাহিদ হামিদির বিরুদ্ধেও ওয়ানএমডিবি সংশ্লিষ্ট ৪৭ টি ঘুষের মামলা আছে। দল জয়ী হলে সেইসব মামলাও তুলে নেওয়া হতে পারে বলে জানান মাহাথির।

নাজিব এবং জাহিদ দুইজনই নিজেদের নির্দোষ দাবি করে বলেছেন, তারা রাজনৈতিক প্রতিশোধের শিকার।

মালয়েশিয়ার ইতিহাসে ২০১৮ সালেই প্রথমবার নির্বাচনে পরাজিত হয় ইউএমএনও। তারপর নাজিব ও জাহিদসহ এ দলটির বেশ কিছু নেতার বিচার চলছে।

২০০৩ সাল পর্যন্ত একটানা ২২ বছর মালয়েশিয়ার নেতৃত্বে ছিলেন মাহাথির মোহাম্মদ। এরপর তিনি অবসরে যান। কিন্তু পরে তিনি তৎকালীন প্রধানমন্ত্রী নাজিব রাজাককে পরাজিত করতে তার বিরুদ্ধে একটি জোট গঠন করেন।

ওই জোট ভেঙে যায় ২০২০ সালে। ফলে দ্বিতীয় দফায় প্রধানমন্ত্রী হিসেবে মাহাথিরের ক্ষমতার অবসান হয় এবং ক্ষমতা দখল করে ইউএনএমও।

মাহাথিরের বয়স এখন ৯৭ বছর। তিনি বলেছেন, নির্বাচনে নিজের পার্লামেন্টারি আসন থেকে তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন। ইউএমএনও কে পরাজিত করতে তিনি যে কারও সঙ্গে কাজ করতে ইচ্ছুক।