১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

শনিবারের জিম্মি মুক্তি পিছিয়ে দিয়েছে হামাস

গাজার উত্তরাঞ্চলে ত্রাণ নিয়ে এদিন ১০০টি ট্রাক প্রবেশের কথা থাকলেও ইসরায়েল মাত্র তিনটি ট্রাক প্রবেশ করতে দিয়েছে বলে দাবি হামাসের।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Nov 2023, 12:10 AM

Updated : 26 Nov 2023, 12:24 AM

ইসরায়েলের বিরুদ্ধে মানবিক যুদ্ধবিরতি চুক্তির শর্ত লঙ্ঘনের অভিযোগ তুলে শনিবারের জিম্মি মুক্তির সময় পিছিয়ে দিয়েছে গাজার সশস্ত্র বাহিনী হামাস।

কথা ছিল, শনিবার যুদ্ধবিরতির দ্বিতীয় দিন গাজায় আরও ত্রাণবাহী ট্রাকবহর প্রবেশ করবে; পাশাপাশি ১৪ ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেবে হামাস, বিনিময়ে ইসরায়েলও ৪২ জন ফিলিস্তিনি বন্দিকে তাদের কারাগার থেকে মুক্তি দেবে।

হামাসের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বিবিসিকে বলেন, চুক্তি অনুযায়ী যে কয়টি ট্রাকের ত্রাণ নিয়ে গাজায় প্রবেশ করার কথা ছিল তা হয়নি, বাধা দিয়েছে ইসরায়েল।

বলেন, “গাজার উত্তরাঞ্চলে ত্রাণ নিয়ে ১০০টি ট্রাক প্রবেশের কথা থাকলেও ইসরায়েল মাত্র তিনটি ট্রাক প্রবেশ করতে দিয়েছে।

“এছাড়া, গাজার দক্ষিণাঞ্চলে ড্রোন উড়িয়েও চুক্তির লঙ্ঘন করেছে ইসরায়েল।”

ইসরায়েলি সামরিক বাহিনী হামাসের এ অভিযোগ অস্বীকার করেছে বলে জানায় বিবিসি।

পুরানো খবর:

৪২ ফিলিস্তিনি বন্দির বিনিময়ে শনিবার মুক্তি পাবে ১৪ জিম্মি

নানা কারণ থাকলেও মূলত ত্রাণের ট্রাক প্রবেশ নিয়েই হামাসের আপত্তি। যদিও ইসরায়েলের একটি সংস্থার দাবি, জাতিসংঘ থেকে শনিবার গাজার উত্তরাঞ্চলে ৫০ লরির বেশি ত্রাণ বিতরণ করা হয়েছে। যে ত্রাণের মধ্যে রয়েছে খাবার, পানি, তাঁবু এবং ওষুধ।

কাতারের মধ্যস্থতায় হামাস-ইসরায়েল সংঘাত শুরুর ৪৮ দিন পর শুক্রবার থেকে গাজায় চার দিনের ‘মানবিক’ বিরতি শুরু হয়েছে। চুক্তি অনুযায়ী, যুদ্ধবিরতির এই চার দিনে হামাস অন্তত ৫০ জন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেবে, বিনিময়ে ইসরায়েল তাদের কারাগারে বন্দি অন্তত ১৫০ জন ফিলিস্তিনিকে মুক্তি দেবে এবং গাজায় ত্রাণবাহী ২০০ ট্রাকের পাশাপাশি এক লাখ ৪০ হাজার লিটার জ্বালানি ও গ্যাস ভর্তি অন্তত চারটি লরি প্রবেশের অনুমোদন দেবে।

যুদ্ধবিরতির প্রথম দিন যা হয়েছে:

শুক্রবার গাজার স্থানীয় সময় সকাল ৭টা থেকে বহু কাঙ্খিত যুদ্ধবিরতি শুরু হয়। পরে দুই পক্ষের সমঝোতা অনুযায়ী এ দিন হামাস ১৩ ইসরায়েলিকে মুক্তি দেয়, বিনিময়ে ৩৯ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেয় ইসরায়েল।

এর পাশাপাশি মিশরের মধ্যস্থতায় হওয়া পৃথক আরেক চুক্তিতে হামাস তদের হাতে বন্দি থাইল্যান্ডে ১০ ও ফিলিপিন্সের একজন নাগরিককে মুক্তি দেয়।

এদিন মিশর থেকে রাফাহ ক্রসিং দিয়ে গাজায় প্রবেশ করা ১৩৭টি ট্রাক থেকে জরুরি ত্রাণ সরবরাহ খালাস করা হয়। ইসরায়েল ৭ অক্টোবর গাজা পুরোপুরি অবরুদ্ধ করে ভয়াবহ হামলা শুরু করার পর থেকে ভূখণ্ডটিতে প্রবেশ করা ত্রাণবাহী বৃহত্তম বহর বলে জানিয়েছে জাতিসংঘ। সরবরাহ করা এসব ত্রাণের মধ্যে প্রাধানত রয়েছে জ্বালানি, খাবার ও ওষুধ।

গত ৭ অক্টোবর গাজার সীমান্ত সংলগ্ন ইসরায়েলের দক্ষিণাঞ্চলে হামাসের নজিরবিহীন হামলায় ১২০০ ইসরায়েলি নিহত হয়েছে বলে দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে। এ সময় হামাস ইসরায়েল থেকে প্রায় ২৪০ জনকে বন্দি করে গাজায় নিয়ে যায়। এসব জিম্মিকে ইসরায়েলের সঙ্গে দরকষাকষিতে ব্যবহার করছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠীটি।

হামাসের হামলার পরপর ওই দিন থেকেই ফিলিস্তিনি ভূখণ্ড গাজায় ব্যাপক ও ভয়াবহ হামলা শুরু করে ইসরায়েলের সামরিক বাহিনী। ৪৮ দিন ধরে তাদের অবিরাম হামলায় গাজার বাসিন্দা ১৪৫০০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়।