‘দাঙ্গা-হাঙ্গামা আজ-ই শেষ’, বিক্ষোভকারীদের হুঁশিয়ারি ইরানি রক্ষীবাহিনী প্রধানের
মানবাধিকার সংগঠনগুলোর হিসাবে, মাশা আমিনির মৃত্যু পরবর্তী বিক্ষোভে এখন পর্যন্ত প্রায় আড়াইশ আন্দোলনকারীর মৃত্যু হয়েছে, গ্রেপ্তার হয়েছে কয়েক হাজার।
ইরানের প্রভাবশালী বিপ্লবী রক্ষীবাহিনীর কমান্ডার হোসেইন সালামি দেশজুড়ে চলমান বিক্ষোভে অংশ নেওয়াদের হুঁশিয়ার করে বলেছেন, শনিবারই রাস্তায় তাদের শেষদিন হতে চলেছে।
“রাস্তায় আর এসো না। আজ-ই দাঙ্গা-হাঙ্গামার শেষ দিন,” বলেছেন তিনি।
গত মাসে নীতি পুলিশের হেফাজতে ২২ বছর বয়সী কুর্দি নারী মাশা আমিনির মৃত্যুর পর থেকে চলমান বিক্ষোভ ইরানকে নাড়িয়ে দিয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
ওই বিক্ষোভ পরে ইরানের সমাজের সর্বস্তরে থাকা সরকারবিরোধীদের ক্ষোভকে ধারণ করেছে, তাদেরকে রাস্তায় নামাতে পেরেছে, যা ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর ইরানের শাসকগোষ্ঠীর জন্য অন্যতম বড় চ্যালেঞ্জ হিসেবে হাজির হয়েছে।
ইরানে বিক্ষোভের ওপর নজর রাখা বিভিন্ন মানবাধিকার সংগঠনগুলোর হিসাব মতে, মাশা আমিনির মৃত্যু পরবর্তী বিক্ষোভে এখন পর্যন্ত প্রায় আড়াইশ আন্দোলনকারীর মৃত্যু হয়েছে, গ্রেপ্তার হয়েছে কয়েক হাজার।
শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে আসা ভিডিও ফুটেজে বিক্ষোভকারীদেরকে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খোমেনির মৃত্যু ও বিক্ষোভ দমনে বড় ভূমিকা রাখা বাসিজ মিলিশিয়ার ধ্বংস কামনা করে স্লোগান দিতে দেখা গেছে।
