১৮ নভেম্বর ২০২৬, ০৩ অগ্রহায়ণ ১৪৩৩

ইসরায়েলের সঙ্গে যুদ্ধে জড়াবে লেবাননের হিজবুল্লাহ?

গত এক মাসে হিজবুল্লাহ লেবানন সীমান্তে ঘন ঘন ইসরায়েলের অস্ত্রশস্ত্র এবং সামরিক অবস্থানগুলো লক্ষ্য করে হামলা চালিয়ে এসেছে।

ইসরায়েলের সঙ্গে যুদ্ধে জড়াবে লেবাননের হিজবুল্লাহ?

হাসান নাসারাল্লাহ। ছবি: রয়টার্স।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2023, 10:10 PM

Updated : 05 Nov 2023, 11:15 PM

গাজা-ইসরায়েল সংঘাতের মধ্যে বারবার ঘুরে ফিরে আসছে লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠীর নাম। হিজবুল্লাহ প্রধান হাসান নাসারাল্লাহ গাজায় যুদ্ধ নিয়ে তার প্রথম বক্তব্যেই ইসরায়েলে ফিলিস্তিনের মুক্তিকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের হামলার প্রশংসা করেছেন।

গত এক মাসে হিজবুল্লাহ লেবানন সীমান্তে ঘন ঘন ইসরায়েলের অস্ত্রশস্ত্র এবং সামরিক অবস্থানগুলো লক্ষ্য করে হামলা চালিয়ে এসেছে।

হিজবুল্লাহ কী ধরনের সংগঠন? এর শক্তি কেমন? দলটির নেতা হাসান নাসরাল্লাহই বা কে? গোষ্ঠীটি ইসরায়েলের সঙ্গে যুদ্ধে যাবে কিনা- তা বিশ্লেষণ করে দেখার চেষ্টা করেছে বিবিসি।

হিজবুল্লাহ কী?

হিজবুল্লাহ একটি শিয়া মুসলিম সংগঠন। দলটি রাজনৈতিক দিক থেকে প্রভাবশালী এবং এর নিয়ন্ত্রণে আছে লেবাননের সবচেয়ে প্রভাবশালী সশস্ত্র বাহিনী।

লেবাননের সেনাবাহিনীর চেয়েও শক্তিশালী সামরিক শাখা আছে হিজবুল্লাহর। ১৯৮২ সালে দক্ষিণ লেবাননে ইসরায়েলের দখলদারিত্বের বিরুদ্ধে লড়াই করতে প্রতিষ্ঠিত হয়েছিল হিজবুল্লাহ।

এ অঞ্চলে শিয়া শক্তির সবচেয়ে আধিপত্যের দেশ ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের সশস্ত্র গোষ্ঠীগুলো থেকে উদ্ভব ঘটেছিল হিজবুল্লাহর।

লেবাননের জাতীয় নির্বাচনে ১৯৯২ সাল থেকে অংশ নিয়ে আসা এই গোষ্ঠীটি বড় ধরনের রাজনৈতিক প্রভাব বজায় রেখেছে।

দলটির সামরিক শাখা লেবাননে ইসরায়েল এবং মার্কিন বাহিনীর ওপর নানা প্রাণঘাতী হামলা চালিয়েছে। ২০০০ সালে ইসরায়েল লেবানন থেকে সরে গেলে তাদেরকে তাড়িয়ে দেওয়ার কৃতিত্ব নিয়েছিল হিজবুল্লাহ।

Image

ছবি: বিবিসি।

তখন থেকেই হিজবুল্লাহ দক্ষিণ লেবাননে হাজার হাজার যোদ্ধা এবং ক্ষেপণাস্ত্রের বিরাট ভান্ডার রেখে আসছে। বিতর্কিত এলাকাগুলোতে ইসরায়েলের উপস্থিতির বিরোধিতা অনবরতই করে আসছে গোষ্ঠীটি।

পশ্চিমা রাষ্ট্রগুলোর পাশাপাশি ইসরায়েল, উপসারগরীয় আবর দেশগুলো এবং আরব লিগও হিজবুল্লাহকে সন্ত্রাসী সংগঠনের তকমা দিয়েছে।

২০০৬ সালে হিজবুল্লাহ এবং ইসরায়েলের মধ্যে পুরোদস্তুর যুদ্ধ বেধে গিয়েছিল। হিজবুল্লাহ সীমান্ত এলাকায় প্রাণঘাতী হামলা চালালে এ যুদ্ধ শুরু হয়।

হিজবুল্লাহর কাছ থেকে হুমকি দূর করতে ইসরায়েলি সেনারা দক্ষিণ লেবাননে আগ্রাসনও চালিয়েছে। তারপরও হিজবুল্লাহ টিকে গেছে এবং তখন থেকেই গোষ্ঠীটি যোদ্ধার সংখ্যা বাড়ানোসহ নতুন ও আরও ভাল অস্ত্র জোগাড় করেছে।

 হিজবুল্লাহ নেতা হাসান নাসারাল্লাহ কে?

শেখ হাসান নাসারাল্লাহ একজন শিয়া ধর্মগুরু। ১৯৯২ সাল থেকে তিনি গোষ্ঠীটির নেতৃত্ব দিয়ে আসছেন। গোষ্ঠীটিকে একটি রাজনৈতিক এবং সামরিক শক্তিতে পরিণত করতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

ইরান এবং দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহহ আলি খামেনির সঙ্গে নাসারাল্লাহর ঘনিষ্ঠ সম্পর্ক আছে। ১৯৮১ সালে ইরানের প্রথম সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ রুহল্লাহ খোমিনি লেবাননে তার ব্যক্তিগত প্রতিনিধি হিসাবে নাসারাল্লাহকে নিয়োগ দেওয়ার পর থেকেই দেশটির সঙ্গে হিজবুল্লাহ নেতার এ সুসম্পর্ক বজায় রয়েছে।

Image

ছবি: রয়টার্স।

হিজবুল্লাহ বাহিনী কতটা শক্তিশালী?

বিশ্বের সবচেয়ে ভারি অস্ত্রসজ্জিত এবং রাষ্ট্র-পরিচালনার বাইরের সামরিক বাহিনীগুলোর অন্যতম হিজবুল্লাহ। গোষ্ঠীটিকে অর্থ এবং অস্ত্র দেয় ইরান।

হিজবুল্লাহর নেতা হাসান নাসারাল্লাহর দাবি, তার সংগঠনের যোদ্ধা সংখ্যা ১ লাখ। যদিও নিরপেক্ষ সূত্রের হিসাবমতে, যোদ্ধা সংখ্যা আনুমানিক ২০ হাজার থেকে ৫০ হাজার।

বেশিরভাগ যোদ্ধাই ভালভাবে প্রশিক্ষণপ্রাপ্ত এবং লড়াকু। সিরিয়ার গৃহযুদ্ধে তারা লড়াই করেছে। সেন্টার ফর স্ট্র্যাটেজিক এন্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ থিকট্যাংকের হিসাবমতে, হিজবুল্লাহর আছে আনুমানিক ১ লাখ ৩০ হাজার রকেট এবং ক্ষেপণাস্ত্র।

গোষ্ঠীটির অস্ত্রভান্ডারে বেশিরভাগই আছে ছোট, ভূমি থেকে ভুমিতে নিক্ষেপণযোগ্য গোলার অনির্দেশিত রকেট। তবে বিমান ও জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র এবং ইসরায়েলের অনেক ভেতরে হামলা চালাতে সক্ষম গাইডেড ক্ষেপণাস্ত্রও তাদের আছে বলে ধারণা করা হয়।

 ইসরায়েলের সঙ্গে যুদ্ধে জড়াতে পারে হিজবুল্লাহ?

গত ৭ অক্টোবরে ইসরায়েলে ঢুকে ফিলিস্তিনের মুক্তিকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের হামলার পর থেকেই উত্তর ইসরায়েলের সামরিক অবস্থানগুলোতে হিজবুল্লাহ হামলা চালিয়ে আসছে।

ইসরায়েলি বাহিনীর অবস্থানগুলোতে রকেট হামলা চালিয়েছে গোষ্ঠীটি, ইসরায়েলের সাজোঁয়া যানগুলোতে চালিয়েছে ট্যাংক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র হামলা এবং বিস্ফোরক ড্রোনগুলো দিয়ে সামরিক নানা নিশানায় হামলা করেছে।

এর জবাবে ইসরায়েল ডিফেন্স ফোর্সেস (আইডিএফ) লেবাননে হিজবুল্লাহর অবস্থানগুলোতে বিমান হামলা, ট্যাংক হামলা করেছে এবং গোলা ছুড়েছে।

Image

ছবি: বিবিসি।

ইসরায়েলের সেনা এবং হিজবুল্লাহ যোদ্ধাও লড়াইয়ে নিহত হয়েছে। ইসরায়েল ওই এলাকা থেকে হাজার হাজার বেসামরিক নাগরিককে সরিয়েও নিয়েছে।

আইডিএফ এর মুখপাত্র ড্যানিয়েল হ্যাগারি বলেছেন, ইসরায়েলের উত্তরাঞ্চলীয় সীমান্তে তার বাহিনী ‘খুবই উচ্চ সতর্কাবস্থায়’ আছে।

বিশ্লেষকদের আশঙ্কা, সহিংসতা বাড়তে থাকলে হিজবুল্লাহ তাদের নেতা এবং ইরানি সমর্থকদের নির্দেশ মোতাবেক ইসরায়েলের বিরুদ্ধে নতুন একটি যুদ্ধে জড়িয়ে পড়ে চলমান পরিস্থিতির মোড় ঘুরিয়ে দিতে পারে।

বিশ্লেষকরা বলছেন, হিজবুল্লাহ যুদ্ধে জড়িয়ে পড়লে গাজায় হামাসের চাপ কমবে এবং সেখানকার দুর্দশাগ্রস্ত সাধারণ মানুষও কিছুটা স্বস্তি পাবে। কিন্তু হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের যুদ্ধ লেবানন এবং ইসরায়েল উভয়ের জন্যই হবে বিপর্যয়কর।

হিজবুল্লাহ যুদ্ধ শুরু করলে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু অকল্পনীয়ভাবে এর জবাব দেওয়ার সংকল্প নিয়ে রেখেছেন।