নিউ ইয়র্কের ধোঁয়ায় মঞ্চে নাটক থামালেন জোডি কোমার
ব্রডওয়ের গোল্ডেন থিয়েটারে ‘প্রিমা ফেইসি’র শো চলার সময় অসুস্থ হয়ে পড়েন ব্রিটিশ এই অভিনয় শিল্পী।
নিউ ইয়র্কের ব্রডওয়ের মঞ্চে নাটকে অভিনয় করতে করতে হঠাৎ মঞ্চ ছাড়তে হল ব্রিটিশ অভিনয়শিল্পী জোডি কোমারকে। ‘প্রিমা ফেইসি’ নাটকে অভিনয় করে পরিচিতি পাওয়া এই তারকা জানিয়েছেন, সংলাপ বলার সময় ধোঁয়ায় শ্বাস নিতে কষ্ট হচ্ছিল তার।
বুধবার বিবিসি জানায়, অল্প সময় বন্ধ থাকার পর আবার নাটক শুরু হয় কিন্তু জোডি আর মঞ্চে ফিরে আসেননি।
নিউ ইয়র্কের ম্যানহ্যাটনের গোল্ডেন থিয়েটারে এপ্রিলে শুরু হওয়া এই নাটকে একমাত্র কুশীলব ছিলেন জোডি। পরে তার জায়গায় বদলি অভিনয় শিল্পী হিসেবে ডানি আর্লিংটন মঞ্চে গিয়ে নাটক শেষ করেন। একশ মিনিটের একক অভিনয়ের এই নাটকে একজন ব্যারিস্টারের চরিত্রে অভিনয় করছেন তিনি।
সম্প্রতি কানাডার বনে দাবানলে সৃষ্ট ধোঁয়ায় ছেয়ে আছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটি। এই ধোঁয়ায় সেখানকার বাতাস এতটাই দূষিত হয়ে উঠেছে যে এরইমধ্যে বিশ্বের সবচেয়ে দূষিত বায়ুর শহরের তালিকায় শীর্ষ স্থান দখল করেছে নিউ ইয়র্ক সিটি।
দাবানলের এই ধোঁয়ার কারণে বুধবার সেখানে হ্যামিলটনের একটি অনুষ্ঠান এবং আরও কিছু খেলার ইভেন্ট বাতিল করতে বাধ্য হয়েছে আয়োজকেরা। শহরের বাসিন্দারের ঘরের ভেতরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে এবং বাইরে বের হলে এন৯৫ মাস্ক ব্যবহার করতে বলা হয়েছে।
ব্রডওয়ের গোল্ডেন থিয়েটারে মঞ্চস্থ হওয়া ‘প্রিমা ফেইসি’ নাটকের প্রযোজনা বিভাগের একজন মুখপাত্র বিনোদন সাময়িকী হলিউড রিপোর্টারকে বলেন, “নিউ ইয়র্কের দূষিত বাতাসের কারণে জোডি কোমার শ্বাস কষ্ট অনুভব করায় প্রিমা ফেইসির ম্যাটিনি শো প্রায় ১০ মিনিটের জন্য বন্ধ রাখতে হয়েছিল।”
নাটক শেষে একজন দর্শক ডেডলাইন পত্রিকাকে প্রতিক্রিয়া জানাতে গিয়ে বলেন, জোডি মঞ্চে ফিরতে না পারায় বদলী অভিনয় শিল্পী ডানি আর্লিংটন প্রায় ১০০ মিনিটের এই নাটক মঞ্চস্থ করেন এবং দর্শকদের কাছ থেকে প্রশংসা কুড়ান।
ওই দর্শক জানান, নাটক শুরুর প্রায় তিন মিনিট পর জোডি কাশতে শুরু করেন এবং একজন স্টেজ ম্যানেজারকে ডেকে বলেন, ‘আমি এই বাতাসে শ্বাস নিতে পারছি না’। ভ্যারাইটি ও অন্যান্য সাময়িকীর প্রতিবেদনে জানানো হয়েছে, প্রোডাকশন দলের একজন সদস্য গিয়ে জোডিকে মঞ্চ থেকে নামতে সাহায্য করেন।
ম্যাটিনি শোতে জোডি আর ফিরছেন না - এই ঘোষণা আসার পর বেশ কয়েকজন দর্শককে আসন ছেড়ে বের হয়ে যেতে দেখা গেছে বলে বিভিন্ন সংবাদ প্রতিবেদনে জানানো হয়েছে। এদের অনেকেই পরের শোয়ের নতুন টিকেট অথবা টিকেটের অর্থ ফেরত চেয়েছেন।
টুইটারে একজন দর্শক লিখেছেন, “আমরা জোডি কোমারকে দেখতে গিয়েছিলাম। তিনি শো শুরু করেছিলেন। বাতাসের বাজে পরিস্থিতির জন্য (তাকে) মঞ্চ ছেড়ে যেতে হয়েছে। এরপর আপনারা বদলী অভিনয় শিল্পীকে দেখতে বাধ্য করেছেন। আপনাদের রিফান্ড পলিসি কি? আমরা অনেক টাকা খরচ করে জোডিকেই দেখতে গিয়েছিলাম।”
এপ্রিলে ‘প্রিমা ফেইসি’ মঞ্চস্থ হওয়ার পর থেকে যুক্তরাজ্যের লিভারপুলের জোডি কোমার এই নাটকে তার অভিনয় দক্ষতার জন্য দারুন প্রসংশিত হয়ে আসছেন। নাটকে তিনি একজন ব্যারিস্টারের চরিত্র রূপায়ন করছেন যিনি যৌন হয়রানির অভিযোগে অভিযুক্ত ব্যক্তির পক্ষে ওকালতি করেন, এবং নাটকের এক অংশে জানা যায় যে তিনি তারই এক সহকর্মীর কাছে যৌন হয়রানির শিকার হয়েছেন।
এই চরিত্রে অভিনয়ের জন্য জোডি এরইমধ্যে অলিভিয়ার পুরস্কার জিতেছেন এবং সানডে’স টনি অ্যাওয়ার্ডে সেরা অভিনেত্রীর জন্য মনোনয়ন পেয়েছেন।
বিবিসি জানিয়েছে, ব্রডওয়েটে ২ জুলাই পর্যন্ত চলছে ‘প্রিমা ফেইসি’র শো এবং ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়া জোডি কোমারও পরের শোগুলোতে অভিনয় করবেন।
কানাডার দাবানলে সৃষ্ট ধোঁয়ার কারণে নিউ ইয়র্ক সিটির আকাশ কমলা রঙ ধারণ করেছে। বিশাল এই দাবানলের ধোঁয়ার কারণে কানাডা ও যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাংশে স্বাস্থ্য সতর্কতা জারি করা হয়েছে।
ব্রডওয়েতে জোডি কোমারের নাটক থেমে যাওয়ার পাশাপাশি বেশ কয়েকটি অনুষ্ঠান বাতিল করা হয়। ম্যানহ্যাটনের আরেকটি মঞ্চ ভাইনইয়ার্ড থিয়েটারে বুধবার রাতে নির্ধারিত ‘দিস ল্যান্ড ওয়াজ মেইড’-এর শো বাতিল করা হয়।
