ক্ষুধা ও অপুষ্টি, মানবিক সংকটের দ্বারপ্রান্তে উত্তরপূর্ব নাইজেরিয়া
ওই অঞ্চলের জঙ্গিদের সঙ্গে সেনাবাহিনীর দীর্ঘ লড়াই কেড়ে নিয়েছে শত শত মানুষের প্রাণ; বেড়েছে উদ্বাস্তু।
হাসপাতালের ছোট্ট বিছানায় কম্বল গায়ে মায়ের পাশে শুয়ে শূন্য দৃষ্টিতে তাকিয়ে আছে ১৪ মাসের আয়শা উসমান। তার চোখ দুটো কোটরে ঢুকে গেছে, পাঁজরের হাড় দৃশ্যমান। আয়শার অবস্থা বলে দিচ্ছে মানবিক সংকটের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে নাইজেরিয়ার উত্তরপূর্বাঞ্চল।
সেখানে এক দশকের বেশি সময় ধরে ইসলামপন্থি জঙ্গি দল বোকো হারাম এবং ইসলামিক স্টেট ওয়েস্ট আফ্রিকা প্রভিন্স এর সঙ্গে দেশটির সেনাবাহিনীর লড়াইয়ে চলছে। যে লড়াই কেড়ে নিয়েছে শত শত মানুষের প্রাণ। উদ্বাস্তু করেছে ২০ লাখের বেশি মানুষকে।
প্রাণ বাঁচাতে এলাকা ছাড়তে বাধ্য হয়েছেন কৃষকরা। ফসলহীন ফাঁকা পড়ে আছে মাঠ। ফলাফল স্বরূপ দেখা দিয়েছে চরম খাদ্য সংকট।
ওই অঞ্চলে পাঁচ বছরের কম বয়সের প্রায় সাড়ে ১৭ লাখ শিশু চরম অপুষ্টিতে ভুগছে বলে জানান জাতিসংঘের মানবিক বিষয়ক সমন্বয় (ওসিএইচএ) কর্মকর্তা।
আয়শাও ওইসব শিশুদের একজন। তার জীবন বাঁচাতে কয়েকদিন আগে পরিবার তাকে সেখানে একটি হাসপাতালে ভর্তি করেছে।
উত্তরপূর্ব নাইজেরিয়ার ইয়োবে রাজ্যের রাজধানী দামাতুরুর একটি হাসপাতালে চিকিৎসা চলছে আয়শার। তার মা ফাতিমা রয়টার্সকে বলেন, খাবারের অভাবে তার পরিবার দিনের পর দিন না খেয়ে ঘুমিয়েছে।
তিনি বলেন, ‘‘কখনো কখনো আমাদের খাবার জোটে, কখনো জোটে না।”
আশয়ার ওজন মাত্র ৪ কেজি ৭০০ গ্রাম। অথচ তার বয়সের একটি শিশুর অন্তত তার দ্বিগুণ ওজন হওয়া দরকার। চিকিৎসকরা জানান, আয়শাকে যখন হাসপাতালে নিয়ে যাওয়া হয় তখন তার শরীরে কয়েকটি অঙ্গ কাজ করছিল না।
সঙ্গে সঙ্গে তাকে একটি ইঞ্জেকশন দেওয়া হয় এবং টিউবের মাধ্যমে খাবার খাওয়ানো শুরু হয়। ধীরে ধীরে তার শরীর সাড়া দিতে শুরু করেছে এবং তার উন্নতি হচ্ছে।
নাইজেরিয়ার সংঘাতময় তিন রাজ্য বর্নো, আদামাওয়া এবং ইয়োবে রাজ্যের ৫৫ লাখ মানুষকে খাদ্য সহায়তা দিতে এ বছর ১০০ কোটি মার্কিন ডলার প্রয়োজন বলে জানিয়েছে জাতিসংঘের মানবিক বিষয়ক সংস্থা ওসিএইচএ।
বছরের প্রথম আট মাসে ওসিএইচএ প্রয়োজনীয় তহবিলের মাত্র ৪২ শতাংশ যোগাড় করতে পেয়েছে।
সংস্থাটির পক্ষ থেকে বলা হয়, বেশ কয়েকজন আন্তর্জাতিক দাতা এবার তহবিল ইউক্রেইন, ইথিওপিয়া এবং আফগানিস্তানসহ আরো অন্যান্য দেশে সরিয়ে নিয়েছে। ওইসব দেশও মানবিক সংকটে পড়েছে।
নাইজেরিয়ার উত্তরপূর্বাঞ্চল মূলত কৃষিপ্রধান। কিন্তু নিরাপত্তার অভাব, সার ও ডিজেলের উচ্চমূল্য এবং বন্যা ও খরার মত প্রাকৃতিক দুর্যোগের কারণে ফসল উৎপাদন সম্ভব হচ্ছে না।
নাইজেরিয়া সরকারের দাবি, তারা উত্তরপূর্বাঞ্চলে জঙ্গিদের বিরুদ্ধে লড়াইয়ে জিতেতে এবং সেখানে কয়েকটি অঞ্চল এখন জঙ্গি মুক্ত। তাই গ্রামবাসী ও কৃষকরা এখন নিজ নিজ এলাকায় নিরাপদে ফিরে আসতে পারেন।
