চীনের শি-কে পুতিনের অভিনন্দন
পুতিন জানিয়েছেন, দুই দেশের মধ্যকার ‘ব্যাপকভিত্তিক অংশীদারিত্বের’ আরও উন্নয়ন ঘটানোর অপেক্ষায় আছেন তিনি।
চীনের নেতা হিসেবে তৃতীয় মেয়াদ নিশ্চিত করায় শি জিনপিংকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
রোববার পুতিন জানিয়েছেন, দুই দেশের মধ্যকার ‘ব্যাপকভিত্তিক অংশীদারিত্বের’ আরও উন্নয়ন ঘটানোর অপেক্ষায় আছেন তিনি।
“পার্টি কংগ্রেসের ফলাফলে আপনার উচ্চ রাজনৈতিক কর্তৃত্ব পুরোপুরি নিশ্চিত হয়েছে, পাশাপাশি আপনার নেতৃত্বাধীন দলটির ঐক্যও সাধিত হয়েছে,” ক্রেমলিনের ওয়েবসাইটে দেওয়া উদ্ধৃতিতে পুতিন শি-কে এমনটি বলেছেন বলে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে।
ফেব্রুয়ারিতে রাশিয়ার ইউক্রেইন অভিযান শুরু হওয়ার তিন সপ্তাহ আগে শি ও পুতিন ‘সীমাহীন’ অংশীদারিত্বের চুক্তিতে স্বাক্ষর করেন। তারপর থেকে চীন সতর্ক একটি পথ অনুসরণ করে রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমা দেশগুলোর আরোপ করা নিষেধাজ্ঞার সমালোচনা করেছে কিন্তু মস্কোর সামরিক অভিযানে সহায়তা বা এটি অনুমোদন করা থেকে বিরত থেকেছে।
সেপ্টেম্বরে এই দুই নেতার মধ্যে মুখোমুখি বৈঠক হয়; সেখানে পুতিন বলেছেন, ইউক্রেইনের পরিস্থিতি নিয়ে শি-র ‘প্রশ্ন ও উদ্বেগ’ বুঝতে পারছেন তিনি। এতে ইউক্রেইন যুদ্ধ নিয়ে প্রথমবারের মতো দুই নেতার দৃষ্টিভঙ্গীর পার্থক্য প্রকাশ পায়।
পশ্চিমা নিষেধাজ্ঞা ও ওই অঞ্চলের রাষ্ট্রগুলোর সঙ্গে তৈরি হওয়া দূরত্বের মধ্যে বেইজিংকে ক্রমবর্ধমানভাবে একটি প্রধান ভূরাজনৈতিক ও অর্থনৈতিক অংশীদার হিসেবে দেখছে মস্কো আর শি-র সঙ্গে ব্যক্তিগতভাবে উষ্ণ সম্পর্ক বজায় রাখার আগ্রহের কথা জানিয়েছেন পুতিন।
