ইমরান খানের আগাম জামিনের মেয়াদ এক সপ্তাহ বাড়ল
দেশজুড়ে সমাবেশে বড় বড় জমায়েত করা সাবেক প্রধানমন্ত্রী ইমরান বলছেন, তার জনপ্রিয়তা দেখে বিরোধীরা ভীত হয়ে পড়েছে।
পাকিস্তানের একটি আদালত সন্ত্রাসবাদের মামলায় সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের আগাম জামিনের মেয়াদ আরও এক সপ্তাহ বাড়িয়েছে বলে জানিয়েছেন তার আইনজীবী।
ইমরানের এক বক্তৃতাকে কেন্দ্র করে মামলাটি দায়ের করা হয়েছে।
কড়া নিরাপত্তার মধ্যে সাবেক এ প্রধানমন্ত্রী বৃহস্পতিবার সশরীরে হাজির হওয়ার কিছু সময় পর আদালত তার জামিনের মেয়াদ বাড়ায়।
ইমরানের আইনজীবী ও তার রাজনৈতিক সহযোগী বাবর আওয়ান বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ১ সেপ্টেম্বর পর্যন্ত জামিন হয়েছে। এরপর আইনজনীবীরা জামিনের মেয়াদ ফের বাড়াতে আবেদন করবেন।
যে বক্তৃতার জন্য মামলাটি হয়েছে, গত সপ্তাহের ওই বক্তৃতায় ‘ভুল কিছু বলা হয়নি’ দাবি করে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) পার্টির শীর্ষ নেতা তার অবস্থানে অনড় রয়েছেন।
সামরিক বাহিনীতে বিদ্রোহ উসকে দেওয়ার চেষ্টায় রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে বিচারের মুখোমুখি এক সহযোগীর ওপর পুলিশি নির্যাতন নিয়ে বলতে গিয়ে সাবেক ক্রিকেট তারকা ও পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক ইমরান হুমকি দিয়েছেন অভিযোগ করে শনিবার পুলিশ তার বিরুদ্ধে সন্ত্রাসবাদের অভিযোগে ওই মামলা করে।
নির্বাচনে নিজের জনসমর্থনের পাল্লা আরও ভারি করতে ইমরান এরই মধ্যে একের পর এক সমাবেশ করে যাচ্ছেন, যা পাকিস্তানের রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা বাড়িয়ে দিয়েছে। স্বাভাবিক প্রক্রিয়ায় আগামী বছরের অক্টোবরের আগে দেশটিতে সাধারণ নির্বাচন হওয়ার কথা নয়।
এপ্রিলে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে দেশজুড়ে সমাবেশে বড় বড় জমায়েত করা সাবেক প্রধানমন্ত্রী ইমরান বলছেন, তার জনপ্রিয়তা দেখে বিরোধীরা ভীত হয়ে পড়েছে।
গত সপ্তাহে দেওয়ার সর্বশেষ বক্তৃতায় পিটিআইয়ের এ শীর্ষনেতা বলেন, তার সহযোগীকে রিমান্ডে নেওয়া ইসলামাবাদের পুলিশপ্রধান ও নারী বিচারককে ‘ছাড়বেন না’ তিনি; তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথাও বলেন তিনি।
পুলিশ ইমরানের ওই মন্তব্যকে উদ্ধৃত করে তাদের মামলায় বলেছে, সাবেক প্রধানমন্ত্রীর উদ্দেশ্য হচ্ছে পুলিশ ও বিচার বিভাগের মধ্যে ভয় ছড়িয়ে তাদেরকে তাদের দায়িত্ব পালন থেকে বিরত রাখা।
মামলায় ইমরানের জামিনের মেয়াদ বৃহস্পতিবার শেষ হওয়ার কথা ছিল; কিন্তু সশরীরে উপস্থিত হওয়ায় আদালত ওই জামিনের মেয়াদ আরও এক সপ্তাহ বাড়িয়ে দেয়।
“আমরা দীর্ঘ সময়ের জামিন চেয়েছিলাম, কারণ ইমরান খান উপনির্বাচনে অনেকগুলো আসনে লড়ছেন, যে কারণে তার বিভিন্ন জায়গায় প্রচারে যাওয়া দরকার। কিন্তু আদালত কেবল এক সপ্তাহ দিয়েছে,” রয়টার্সকে বলেছেন আওয়ান।
ইমরানকে গ্রেপ্তার করা হলে গণআন্দোলন সৃষ্টি হবে বলে তার সমর্থক ও আগের সরকারের মন্ত্রিসভার সদস্যরা হুঁশিয়ার করে চলছেন। সাবেক এক মন্ত্রী বলেছেন, পিটিআই চেয়ারম্যান গ্রেপ্তার হলে তার সমর্থকরা ইসলামাবাদের ‘নিয়ন্ত্রণ নিয়ে নেবে’।
জামিনের মেয়াদ বাড়ার পর সহযোগী ও সমর্থক পরিবেষ্টিত ইমরান সাংবাদিকদের বলেন, যে বক্তৃতার জন্য তার বিরুদ্ধে মামলা হয়েছে, সেখানে তিনি ভুল কিছু বলেননি।
“আমি বলেছি আমি আইনি ব্যবস্থা নেবো, আর তারা আমার বিরুদ্ধে সন্ত্রাসবাদের মামলাই ঠুকে দিয়েছে, এ নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে কী পরিমান ব্যঙ্গ-বিদ্রুপ চলছে, একবার ভাবুন,” বলেন তিনি।
