চীনে ভূমিকম্পে মৃত্যু বেড়ে ১২৭, ক্ষয়ক্ষতি বেশি যে কারণে
ভূমিকম্পে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে গানসু প্রদেশ। সেখানে ৫ হাজারের বেশি বাড়িঘরের ক্ষতি হয়েছে|
চীনে কয়েক বছরের মধ্যে সবচেয়ে প্রাণঘাতী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে অন্তত ১২৭ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছে ৭০০ জনেরও বেশি মানুষ।
কেবল প্রাণহানিই নয় এ ভূমিকম্পে ক্ষয়ক্ষতিও হয়েছে ব্যাপক। বহু ঘরবাড়ি বিধ্বস্ত হওয়া ছাড়াও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে রাস্তাঘাটসহ বিভিন্ন অবকাঠামো।
বিবিসি জানায়, স্থানীয় সময় সোমবার মধ্যরাতে (জিএমটি ১৬:০০) গানসু প্রদেশ ৬ দশমিক ২ মাত্রার শক্তিশালী ওই ভূমিকম্পে কেঁপে ওঠে। প্রতিবেশী কুইনঘাই প্রদেশ থেকেও কম্পন অনুভূত হয়েছে।
গানসুতে ভূমিকম্পের কয়েকঘণ্টা পর স্থানীয় সময় মঙ্গলবার ভোরে ৫ দশমিক ৫ মাত্রার আরেকটি ভূমিকম্পে কেঁপে ওঠে শিনজিয়াং প্রদেশ। সেখানে ক্ষয়ক্ষতির খবর এখনও পাওয়া যায়নি।
ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে গানসু প্রদেশে। গানসুর জিশিশান কাউন্টির স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, সেখানে ৫ হাজারের বেশি বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। ভূমিকম্পে ভূমিধসে বহু ঘরবাড়ি এবং সড়কও ধসে গেছে।
গানসু প্রদেশের উদ্ধার কাজ সংশ্লিষ্ট এক কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে চীনের গণমাধ্যম জানিয়েছে, ভূমিকম্পে ক্ষয়ক্ষতি বেশি হয়েছে। কারণ, সেখানকার গ্রামগুলোর বাড়ির অবস্থা খারাপ ছিল। বেশিরভাগ বাড়িই পুরোনো ও মাটির তৈরি ছিল।
গানসু প্রদেশ তিব্বত, লোয়েস মালভূমি এবং মঙ্গোলিয়ার সীমান্তবর্তী অঞ্চলে অবস্থিত। প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত এ প্রদেশ চীনের দরিদ্রতম অঞ্চলগুলোর একটি। তাছাড়া, সেখানে অনেক জাতির মানুষের বাস রয়েছে।
ভূমিকম্পটির মূলকেন্দ্র ছিল স্বায়ত্ত্বশাসিত অঞ্চল লিনশিয়া হুই। সেখানে অনেক চাইনিজ মুসলিম বাস করে।
চীন কর্তৃপক্ষ জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পর মাত্রা ছিল ৬ দশমিক ২। তবে যুক্তরাষ্ট্রের ভূতত্ত্ব জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, ভূমিকম্পটি ৫ দশমিক ৯ মাত্রার ছিল। ভূমিকম্পের উৎপত্তি হয়েছিল মাটির মাত্র ১০ কিলোমিটার গভীরে।
প্রথম ভূমিকম্প অনুভূত হওয়ার পর আরও ১০ বার পরবর্তী কম্পন হয়েছিল বলে জানায় স্থানীয় কর্তৃপক্ষ। ভূমিকম্পটি মাটির কম গভীরতায় সংঘটিত হওয়ায় ক্ষয়ক্ষতির পরিমাণ বেশি হয়েছে।
গোটা অঞ্চলজুড়ে রাস্তাঘাট, বিদ্যুৎ-পানি সরবরাহ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে। গানসুতে ধসে পড়া বাড়িঘরের নিচে অনেক মানুষ আটকে থাকলেও তীব্র ঠাণ্ডার কারণে উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে।
