গোলা হামলার মধ্যেই জেপোরোজিয়ায় যাচ্ছে জাতিসংঘ পরিদর্শক দল
জাতিসংঘ আনবিক শক্তি সংস্থার একদল বিশেষজ্ঞ ইউক্রেইনের জেপোরোজিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে রওনা হয়েছে বলে জানিয়েছেন আইএইএ’র মহাপরিচালক।
ইউক্রেইনে লড়াইয়ের প্রাণকেন্দ্র হয়ে ওঠা জেপোরোজিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে মুহর্মূহু গোলা বর্ষণের মধ্যেই স্থাপনাটি পরিদর্শনে যাচ্ছে জাতিসংঘের আনবিক শক্তি সংস্থার (আইএইএ) একটি পরিদর্শক দল।
শীর্ষ বিশেষজ্ঞদের এ দলটি সোমবারই রওনা হয়েছে বলে জানিয়েছেন আইএইএ’র মহাপরিচালক রাফায়েল গ্রোসি।
আইএইএ কয়েকমাসধরে জেপোরোজিয়ায় যাওয়ার চেষ্টা চালিয়ে এসেছে। ইউরোপের সবচেয়ে বড় এই পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রুশ বাহিনীর দখলে আছে। যদিও কেন্দটির কাজ পরিচালনা করছে ইউক্রেইনের কর্মীরা।
বিদ্যুৎকেন্দ্রটি ঘিরে ইউক্রেইন ও রুশ যোদ্ধাদের তুমুল লড়াই চলছে। ছয় মাস ধরে চলা ইউক্রেইন যুদ্ধে লড়াইয়ের প্রধান ক্ষেত্র হয়ে উঠেছে এই পারমাণবিক কেন্দ্র। কেন্দ্রটির কাছে গোলাবর্ষণের জন্য রাশিয়া এবং ইউক্রেইন একে অপরকে দোষারোপ করছে।
গোলা হামলার কারণে কেন্দ্রটি থেকে তেজস্ক্রিয়তা ছড়ানোর চরম ঝুঁকি সৃষ্টি হয়েছে। আইএইএ মহাপরিচালক গ্রোসি এক টুইটে বলেছেন, “ইউক্রেইন এবং ইউরোপের সবচেয়ে বড় এই পারমাণবিক কেন্দ্রর নিরাপত্তা আমাদেরকে সুরক্ষিত রাখতেই হবে।”
সম্প্রতি জেপোরোজিয়া কেন্দ্রের কাছে রাশিয়ার নতুন করে রকেট এবং গোলা হামলা চালানোর অভিযোগ করেছে ইউক্রেইন। এরপরই গ্রোসি কেন্দ্রটিতে বিশেষজ্ঞ দল পাঠানোর ঘোষণা দিলেন।
জেপোরোজিয়ায় আছে ছয়টি পারমাণবিক চুল্লি। গত সপ্তাহে গোলা হামলার কারণে কেন্দ্রটির দুটো বিদ্যুৎ সরবরাহ লাইন ইউক্রেইনের বিদ্যুৎগ্রিড থেকে কিছু সময়ের জন্য বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল।
গ্রোসি বলেছেন, “জেপোরোজিয়া পারমাণবিক কেন্দ্রে প্রায় প্রতিদিনই একটা না একটা নতুন ঘটনা ঘটছে। আমরা আর সময় নষ্ট করতে পারছি না।” এক টুইটে তিনি বলেন, “দিন এসে গেছে। ভিয়েনা-ভিত্তিক আইএইএ’র তত্ত্বাবধান ও সহযোগিতা মিশন...শুরু হয়ে গেছে।”
এ সপ্তাহের শেষ দিকেই পরিদর্শক দল সেখানে পৌঁছে যাবে বলে জানান গ্রোসি। তবে সুনির্দিষ্ট কোনও দিনক্ষণ উল্লেখ করেননি তিনি।
