২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

নিউ ইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা, শ্বশুর-শাশুড়ি গ্রেপ্তার

নিহত নির্বাহী কর্মকর্তা জোনাথন ম্যাককিনসি নিউ ইয়র্ক টাইমসের ‘গেমস প্লেয়ার এক্সপেরিয়েন্স’ বিভাগের ডিরেক্টর অব ইঞ্জিনিয়ারিং পদে কাজ করতেন।

নিউ ইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা, শ্বশুর-শাশুড়ি গ্রেপ্তার

জোনাথন ম্যাককিনসি। ছবি: লিংকডইন/বিবিসি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 29 Sep 2026, 07:42 PM

Updated : 29 Sep 2026, 07:42 PM

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় সংবাদমাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমসের এক নির্বাহী কর্মকর্তাকে গুলি করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে নিহত কর্মকর্তার শ্বশুর-শাশুড়িকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নিহত ৪০ বছর বয়সী জোনাথন ম্যাককিনসি নিউ ইয়র্ক টাইমসের ‘গেমস প্লেয়ার এক্সপেরিয়েন্স’ বিভাগের ডিরেক্টর অব ইঞ্জিনিয়ারিং পদে কর্মরত ছিলেন।

পুলিশ জানায়, সান ফ্রান্সিসকো থেকে প্রায় ৫৬ কিলোমিটার পূর্বে ডাবলিন স্পোর্টস গ্রাউন্ডসের বাইরে একটি পার্কিং স্পটে একাধিক গুলির ক্ষতসহ তার মরদেহ উদ্ধার করা হয়।

গ্রেপ্তার হওয়া দুই অভিযুক্ত হলেন নিহতের ৭৭ বছর বয়সী শ্বশুর শোউইয়ং ঝাং ও শাশুড়ি শিলি চেন। তাদের বিরুদ্ধে গুরুতর মাত্রার হত্যাসহ একাধিক গুরুতর অভিযোগ আনা হয়েছে।

নিউ ইয়র্ক টাইমস কর্তৃপক্ষ জোনাথন ম্যাককিনসির মৃত্যুর খবর নিশ্চিত করেছে। বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেল ৩টার দিকে ডাবলিন স্পোর্টস গ্রাউন্ডসের বাইরে ম্যাককিনসির দেহ খুঁজে পাওয়া যায়।

সান ফ্রান্সিসকোর স্থানীয় সংবাদমাধ্যম কেজিও-টিভিকে প্রত্যক্ষদর্শী আসাদ রাজাভি জানান, হঠাৎ পরপর কয়েকটি গুলির শব্দ শোনার পরই এক ব্যক্তিকে মাটিতে লুটিয়ে পড়তে দেখেন তিনি।

রাজাভি বলেন, “লোকটি মাটিতে পড়ে যাওয়ার পর দেখি তার মাথা ও বুক রক্তে ভেসে যাচ্ছে।” রাজাভির মেয়ে জানান, গুলির পরপরই বৃদ্ধ দম্পতিকে ঘটনাস্থল থেকে বেশ স্বাভাবিক ভঙ্গিতে হেঁটে সরে যেতে দেখা যায়।

হামলার পরও অভিযুক্তরা ওই এলাকাতেই ঘোরাফেরা করছিলেন। কয়েক মিনিটের মধ্যে ঘটনাস্থলের পাশ দিয়ে যাওয়া এক টহল পুলিশ সদস্য তাদের গ্রেপ্তার করেন।

ঘটনাস্থলেই ম্যাককিনসিকে মৃত ঘোষণা করা হয়। তবে ঠিক কী কারণে এই হত্যাকাণ্ড, সে বিষয়ে পুলিশ এখনও কিছু জানায়নি।

অভিযুক্ত দম্পতি কোনো আইনজীবী পেয়েছেন কি না তা স্পষ্ট নয়। বুধবার আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠনের জন্য তাদেরকে আদালতে তোলার কথা রয়েছে।

হত্যাকাণ্ড ছাড়াও তাদের বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্র, অবহেলাবশত প্রকাশ্যে অস্ত্র চালানো এবং শিশুকে বিপদে ফেলার মতো মারাত্মক সব অভিযোগ আনা হয়েছে।

অভিযুক্তদের বর্তমানে সান্তা রিতা কারাগারে রাখা হয়েছে।