ইউক্রেইনে সেনা পাঠানোর ঘোষণায় রাশিয়ায় বিক্ষোভ, গ্রেপ্তার ১৩০০
রাশিয়ার একটি মানবাধিকার সংস্থার হিসাবমতে, বুধবার রুশ নিরাপত্তা বাহিনী ১৩০০’রবেশি মানুষকে আটক করেছে।
ইউক্রেইন যুদ্ধে নতুন করে আরও রুশ সেনা পাঠানোর ঘোষণার পর এর বিরুদ্ধে রাশিয়াজুড়ে বিক্ষোভ করেছে মানুষ। বিক্ষোভমিছিলে পুলিশ ব্যাপক ধরপাকড় চালিয়েছে।
রাশিয়ার স্বতন্ত্র মানবাধিকার সংস্থা ওভিডি-ইনফো’র হিসাবমতে, নিরাপত্তা বাহিনী ১৩০০’র বেশি মানুষকে আটক করেছে বুধবার।
এদিন সন্ধ্যা ৭ টা নাগাদ রাশিয়ার ৩৮ টি নগরী থেকে ১৩১১’র বেশি মানুষ গেপ্তার হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। এর মধ্যে রাজধানী মস্কোতেই গ্রেপ্তার হয়েছে ৫০২ জন এবং সেন্ট পিটার্সবার্গে ৫২৪ জন।
এছাড়া, ইরকুতস্ক এবং অন্য সাইবেরিয়ান নগরীগুলো থেকেও কয়েক ডজন বিক্ষোভকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ইউক্রেইনে রাশিয়ার ‘বিশেষ সামরিক অভিযানে’ আরও সেনাসমাবেশের অংশ হিসেবে তিন লাখ রিজার্ভ সেনাকে ডাকার নির্দেশ বুধবারেই দিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
এরপরই অনেক রুশ নাগরিক দেশ ছাড়ার সিদ্ধান্ত নেন। পুতিনের ঘোষণার পরপরই রাশিয়া থেকে বাইরের দেশে যাওয়ার ফ্লাইটগুলোর টিকিট দ্রুত বিক্রি হয়ে যায়।
স্যোশাল মিডিয়া পোস্টে দেখা যায়, সীমান্ত ফাঁড়িগুলোতে মানুষের লম্বা লাইন। গুগলে ‘কীভাবে রাশিয়া ছাড়ব’ এমন প্রশ্ন লিখেও সার্চ করতে দেখা গেছে প্রচুর মানুষকে।
