০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩

আরাকচিসহ ইরানি প্রতিনিধি দলকে ‘যুক্তরাষ্ট্র ছাড়ার নির্দেশ দিয়েছিলেন রুবিও’

কুটনৈতিক দিক থেকে রুবিওর এই অস্বাভাবিক পদক্ষেপে দুদেশের মধ্যকার উত্তেজনা প্রতিফলিত হয়েছে বলে মনে করা হচ্ছে।

আরাকচিসহ ইরানি প্রতিনিধি দলকে ‘যুক্তরাষ্ট্র ছাড়ার নির্দেশ দিয়েছিলেন রুবিও’

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ছবি: রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 01 Oct 2026, 03:33 PM

Updated : 01 Oct 2026, 03:33 PM

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে যাওয়া ইরানি প্রতিনিধি দলকে চলতি সপ্তাহের প্রথমদিকে অবিলম্বে যুক্তরাষ্ট্র ছাড়ার নির্দেশ দেন বলে জানিয়েছে মার্কিন গণমাধ্যম অ্যাক্সিওস।

এই প্রতিনিধি দলে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচিও ছিলেন বলে বৃহস্পতিবার প্রকাশিত প্রতিবেদনটিতে বলা হয়েছে।

প্রতিবেদনটিতে এক মার্কিন কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে ও দ্বিতীয় আরেক সূত্রের বরাতে জানানো হয়, দুপক্ষের মধ্যে আলোচনা স্থবির হয়ে যাওয়ার পর সোমবার এ ঘটনা ঘটে।

ওই মার্কিন কর্মকর্তা বলেন, “পররাষ্ট্রমন্ত্রী রুবিও ইরানি প্রতিনিধি দলকে বের করে দেন। তারা অতিরিক্ত সময় অবস্থান করে তাদের উপস্থিতি অবাঞ্ছিত করে তুলেছিলেন। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন শেষ হয়েছে, তাই তাদের চলে যাওয়ার সময় হয়েছিল।”

রয়টার্স লিখেছে, মধ্যস্থতাকারীরা যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি কূটনৈতিক সমঝোতা প্রতিষ্ঠার চেষ্টা করেছিলেন কিন্তু অগ্রগতি তেমন একটা হয়নি।

প্রতিবেদনে বলা হয়েছে, ইরানি প্রতিনিধি দলটির শিগগিরই দেশের পথে রওনা হওয়ার কথা ছিল, কিন্তু কুটনৈতিক দিক থেকে রুবিওর এই অস্বাভাবিক পদক্ষেপে দুদেশের মধ্যকার উত্তেজনা প্রতিফলিত হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, “সোমবার সকালে হোয়াইট হাউজ মনে করেছিল, ইরানের সঙ্গে আলোচনায় দিনের পরের দিকে হয়তো অগ্রগতি হবে, কিন্তু বিকালে পরিষ্কার হয়ে যায় আলোচনা স্থবির হয়ে গেছে।”

সোমবার সন্ধ্যায় রুবিও জাতিসংঘের মার্কিন মিশনকে নির্দেশন দেন, তারা যেন জাতিসংঘের ইরানি মিশনকে জানায় যে আরাকচির প্রতিনিধি দলকে অবিলম্বে নিউ ইয়র্ক ছাড়তে হবে; ওই মার্কিন কর্মকর্তাকে উদ্ধৃত করে জানিয়েছে অ্যাক্সিওস।

অ্যাক্সিওসের দেওয়া উদ্ধৃতিতে ওই কর্মকর্তা বলেছেন, “এর কয়েক ঘণ্টা পরই আরাকচিসহ ওই ইরানি প্রতিনিধিদল বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হয় এবং রাত ১টা ২০ মিনিটে (স্থানীয় সময়) নিউ ইয়র্ক থেকে দোহাগামী একটি ফ্লাইটে উঠে যায়।”

দ্বিতীয় সূত্রটি অ্যাক্সিওসকে নিশ্চিত করেছে যে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরানি প্রতিনিধিদলকে চলে যেতে বলা হয়েছিল, কিন্তু আরাকচির যে কোনোভাবে সোমবার রাতের মধ্যে তেহরানে ফেরার কথা ছিল।

আঞ্চলিক সুত্রগুলোর বরাত দিয়ে অ্যাক্সিওস জানিয়েছে, কাতারের মধ্যস্থতাকারীরা তাদের আপোষ প্রস্তাব নিয়ে উভয়পক্ষের সঙ্গেই আলোচনা চালিয়ে যাচ্ছেন।