রাশিয়ার গোপন ভোটাভুটির আহ্বান প্রত্যাখ্যান জাতিসংঘের
জাতিসংঘ সাধারণ পরিষদে ১০৭ ভোটের মাধ্যমে সিদ্ধান্ত হয়েছে যে, রাশিয়ার চার ইউক্রেইনীয় অঞ্চল অধিগ্রহণের নিন্দা প্রস্তাব নিয়ে ভোটাভুটি প্রকাশ্যেই হবে, গোপন ব্যালটে নয়।
ইউক্রেইনের চার অঞ্চলকে রাশিয়ার সঙ্গে যুক্ত করার নিন্দা জানানো নিয়ে এ সপ্তাহের শেষের দিকে একটি খসড়া প্রস্তাবনা উত্থাপন করতে চলেছে জাতিসংঘ সাধারণ পরিষদ। রাশিয়া এই প্রস্তাবের ওপর গোপন ভোটাভুটির আহ্বান জানিয়েছে। কিন্তু এ আহ্বান প্রত্যাখ্যান করেছে জাতিসংঘ।
রাশিয়ার চাইছিল, ১৯৩ সদস্য দেশের জাতিসংঘ সাধারণ পরিষদে গোপন ব্যালটে ভোট হোক। কিন্তু সোমবার সাধারণ পরিষদে ভোটের মাধ্যমে সিদ্ধান্ত হয়েছে যে, প্রস্তাবনার ওপর ভোটাভুটি প্রকাশ্যেই হবে, গোপন ব্যালটে নয়।
প্রকাশ্যে ভোটাভুটির পক্ষে রায় দিয়েছে সাধারণ পরিষদের ১০৭টি সদস্য দেশ। মাত্র ১৩টি দেশ প্রকাশ্য ভোটের বিরোধিতা করেছে। আর ৩৯ টি দেশসহ বাকি দেশগুলো ভোটদানে বিরত ছিল।
কয়েকজন কূটনীতিক বলেছেন, নিন্দা প্রস্তাবনা নিয়ে ভোটাভুটি বুধবার অনুষ্ঠিত হতে পারে। যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পশ্চিমা দেশগুলো এই প্রস্তাবনা এনেছে।
রাশিয়া সম্প্রতি গণভোটের মাধ্যমে ইউক্রেনের চারটি অঞ্চল—দোনেৎস্ক, লুহানস্ক, খেরসন ও জাপোরিজিয়াকে নিজেদের ভূখণ্ডের সঙ্গে যুক্ত করে। ইউক্রেইন ও এর মিত্রদেশগুলো এ পদক্ষেপকে অবৈধ ও জবরদস্তিমূলক বলে নিন্দা করেছে।
জাতিসংঘ প্রস্তাবনায় ইউক্রেইনের ওই অঞ্চলগুলোতে রাশিয়ার অবৈধ তথাকথিত গণভোট এবং সেগুলোকে ‘বেআইনিভাবে দখলের চেষ্টা’র নিন্দা জানিয়ে সদস্য দেশগুলোকে এ পদক্ষেপের স্বীকৃতি না দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
পাশাপাশি ইউক্রেইনের আঞ্চলিক অখণ্ডতা ও সার্বভৌমত্বকে নতুন করে দৃঢ় সমর্থন দেওয়ারও আহ্বান জানানো হয়েছে প্রস্তাবনায়। এটি নিয়ে গোপন ব্যালটে ভোট হলে সাধারণ পরিষদের সদস্যদেশগুলোর মধ্যে অনেক দেশেরই সমর্থন মিলত বলে প্রত্যাশা ছিল রাশিয়ার। কিন্তু রাশিয়ার প্রস্তাব হালে পানি পায়নি।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন এক বিবৃতিতে বলেছেন, “এখন সময় ইউক্রেইনের সমর্থনে কথা বলার। ভোটদানে বিরত থাকা কিংবা নিরপেক্ষ অবস্থান নিয়ে দোদুল্যমান থাকার সময় এখন নয়। জাতিসংঘ সনদের মূল নীতিমালা ঝুঁকিতে পড়েছে।”
রাশিয়ার পদক্ষেপের নিন্দাই কেবল নয়, দেশটিকে ‘সন্ত্রাসী’ রাষ্ট্রের তকমা দেওয়ারও দাবি উঠেছে।
সোমবার পোল্যান্ডের ওয়ারশ’তে রাশিয়ার দূতাবাসের বাইরে শত শত মানুষ বিক্ষোভ করেছে। তারা রাশিয়াকে `সন্ত্রাসী রাষ্ট্র' ঘোষণার পাশাপাশি রুশ কূটনীতিকদের বহিষ্কার করার দাবি তুলেছে।
ইউক্রেইনজুড়ে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ১১ জনের মৃত্যুর ঘটনার পর এমন দাবি জোরাল হচ্ছে।
