মিস ইউনিভার্স ইন্দোনেশিয়া: যৌন হয়রানির অভিযোগ প্রতিযোগীদের
চূড়ান্ত প্রতিযোগিতার দুইদিন আগে ‘দেহ তল্লাশির নামে’ শরীরের ওপরের অংশের পোশাক খুলে ফেলতে বলা হয় বলে এফআইআর এ অভিযোগ করেছেন প্রতিযোগীরা।
আয়োজকদের কাছে যৌন হয়রানির শিকার হয়েছেন জানিয়ে মিস ইউনিভার্স ইন্দোনেশিয়ার বেশ কয়েকজন প্রতিযোগী পুলিশের কাছে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছেন।
তাদের একজন আইনজীবী সাংবাদিকদের বলেন, গত ৩ অগাস্ট চূড়ান্ত প্রতিযোগিতার দুইদিন আগে ‘দেহ তল্লাশির নামে’ প্রতিযোগীদের শরীরের ওপরের অংশের পোশাক খুলে ফেলতে বলা হয়। এরপর তাদের ছবি তোলা হয়।
আয়োজকরা তাদের বলেছেন, তাদের শরীরের কোথাও কোন ক্ষতচিহ্ন আছে কিনা, কোনো ট্যাটু আছে কিনা তা পরীক্ষা করা হবে। এ জন্য তাদের শরীর থেকে পোশাক খুলে ফেলতে বলা হয়।
এ বিষয়ে একজন প্রতিযোগী বলেন, “আমি মনে করি আমার অধিকার লঙ্ঘিত হয়েছে। “এটা আমাকে মানসিকভাবে আঘাত করেছে। আমি ঘুমাতে পারছি না।”
তিনি এ সপ্তাহের শুরুতে আরও কয়েকজন প্রতিযোগীকে সঙ্গে নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন। তাদের পরিচয় সুরক্ষার স্বার্থে স্থানীয় টেলিভিশনে সে খবর প্রচারের সময় প্রতিযোগীদের মুখ ঝাপসা করে দিয়েছিল। যাতে তাদের কেউ চিনতে না পারে।
অভিযোগ করেছেন এমন তিন প্রতিযোগীর পক্ষে আইনি লড়াই করবেন আইনজীবী মেলিসা অ্যাংগ্রায়েনি। তিনি বলেন, “(ভুক্তভোগী) আরও অনেকেই সামনে আসবে।”
রাজধানী জাকার্তার পুলিশ এক বিবৃতিতে বিষয়টি তদন্ত করে দেখার কথা জানিয়েছে।
মিস ইউনিভার্স ইন্দোনেশিয়া অর্গানাইজেশন থেকেও প্রতিযোগীদের অভিযোগ নিয়ে অভ্যন্তরীন তদন্ত করার ঘোষণা দিয়েছেন প্রতিষ্ঠানটির মালিক পপি কাপেলা।
‘গ্লোবাল মিস ইউনিভার্স অর্গানাইজেশন’ থেকেও অভিযোগ খতিয়ে দেখার ঘোষণা দেওয়া হয়েছে। বলা হয়েছে, যৌন নির্যাতনের যে কোনও অভিযোগ তারা ‘খুবই গুরুত্ব সহকারে’ বিবেচনা করে।
দেশটির সাবেক মিস ইন্দোনেশিয়া মারিয়া হারফান্তি বলেন, “আমাদের দেশে দেহ পরীক্ষা করে দেখা স্বাভাবিক ঘটনা। তবে প্রতিযোগীদের সাধারণত নগ্ন হতে বলা হয় না।
“আয়োজকরা সাধারণত প্রতিযোগীদের শারীরিক অনুপাত চেক করতে তাদের বিএমআই বা বডি ম্যাস ইন্ডেক্স জিজ্ঞাসা করে।”
গত সোমবারের সংবাদ সম্মেলনে একজন প্রতিযোগী বলেন, “বন্ধ কক্ষেই শরীর পরীক্ষা করার কাজটি হয়েছে। কিন্তু সেখানে কয়েকজন পুরুষ উপস্থিত ছিলেন।
“কক্ষের দরজাও পুরোপুরি বন্ধ ছিল না। বাইরের লোকজন ভেতরে দেখতে পাচ্ছিল।”
ইন্দোনেশিয়ায় দীর্ঘদিন ধরেই সুন্দরী প্রতিযোগিতার আয়োজন হয়ে আসছে। কিন্তু আয়োজকরা মুসলিম প্রধান দেশটির রক্ষণশীল সমাজ ব্যবস্থায় যাতে আঘাত না লাগে সব সময় সেই চেষ্টা করেন। যে কারণে, ২০১৩ সালে মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় বিকিনি রাউন্ড বাতিল করা হয়।
