ইইউ তুরস্ককে স্বাগত জানালে সুইডেনের নেটো সদস্যপদে সমর্থন দেব: এরদোয়ান
২০০৫ সালে ইইউয়ে তুরস্কের সদস্যপদ নিয়ে আলোচনা শুরু হয়েছিল। এরপর ২০১৬ সাল থেকে সে আলোচনা থমকে আছে।
ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) তুরস্কের সঙ্গে সদস্যপদ নিয়ে বহুদিন ধরে থমকে থাকা আলোচনা শুরু করলে আঙ্কারা সুইডেনের নেটো সদস্যপদ পাওয়ার চেষ্টা অনুমোদন করবে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট রিজেপ তায়িপ এরদোয়ান।
লিথুনিয়ায় পশ্চিমা সামরিক জোট নেটোর সম্মেলনে যোগ দিতে রওনা হওয়ার আগে সোমবার টিভিতে তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান বলেন, “প্রথমে ইউরোপীয় ইউনিয়নে তুরস্কের সদস্যপদের দ্বার খুলুন। তারপর আমরা নেটোতে সুইডেনের সদস্যপদের দ্বার খুলে দেব। যেমনটি আমরা ফিনল্যান্ডের জন্য খুলে দিয়েছি।”
৫০ বছরেরও বেশি সময় ধরে যে দেশগুলো ইইউ এর দরজায় তুরস্ককে দাঁড় করিয়ে রেখেছে, তাদেরকে এ দ্বার খুলে দেওয়ার আহ্বান জানাচ্ছেন বলে উল্লেখ করেন এরদোয়ান।
২০০৫ সালে তুরস্কে প্রধানমন্ত্রী হিসাবে এরদোয়ানের প্রথম মেয়াদের সময়ে ইইউয়ে দেশটির সদস্যপদ নিয়ে আলোচনা শুরু হয়েছিল। এরপর তুরস্কে মানবাধিকার লঙ্ঘন নিয়ে ইউরোপের উদ্বেগের কারণে ২০১৬ সাল থেকে সে আলোচনা থমকে আছে।
আঙ্কারার সঙ্গে ইইউ সদস্যদেশগুলোর সম্পর্কও কয়েকবছর ধরে প্রতিকূল, বিশেষ করে ২০১৬ সালে তুরস্কে ব্যর্থ অভ্যুত্থান প্রচেষ্টার পর সম্পর্ক খারাপ হয়েছে। যদিও পরবর্তীতে তা কিছুটা উন্নতও হয়েছে।
ইইউ দেশগুলো নেটো মিত্রদেশ তুরস্কের ওপর বিশেষত নির্ভরশীল হয়ে আছে অভিবাসী ইস্যু নিয়ে। এমন আবহে হঠাৎ করেই ভিন্ন মোড় নিয়ে এরদোয়ান ইইউতে তুরস্কের অন্তর্ভুক্তির সঙ্গে সুইডেনের নেটো সদস্যপদ প্রাপ্তিকে সমর্থন দেওয়ার বিষয়টিকে একসূতোয় গাঁথলেন।
তবে ইউরোপীয় কমিশনের এক মুখপাত্র বলছেন, নেটো সদস্যপদ আর ইইউ সদস্যপদ পাওয়া দুটি ভিন্ন প্রক্রিয়া। দুটোকে এক করে দেখা যায় না।
রাশিয়া গত বছর ইউক্রেইনে আক্রমণ শুরু করার পর সুইডেন ও ফিনল্যান্ড নেটো সামরিক জোটে যোগ দেওয়ার আবেদন জানায়। কিন্তু এই জোটে তাদের নিতে নেটোর ৩০ সদস্যের সবার অনুমোদন প্রয়োজন ছিল।
ফিনল্যান্ড এই সমর্থন পেয়ে নেটো সদস্য হয়ে গেছে। কিন্তু সুইডেন ‘সন্ত্রাসী কুর্দিদের’ আশ্রয় দিচ্ছে অভিযোগ করে দেশটির নেটো সদস্যপদপ্রাপ্তি ঠেকিয়ে রেখেছে তুরস্ক।
নেটোর সদস্যদেশ তুরস্ক সুইডেনকে এর আগে বলেছিল, আঙ্কারার সমর্থন পেতে হলে তারা যাদের সন্ত্রাসী বলে বিবেচনা করে তাদের বিরুদ্ধে স্পষ্ট অবস্থান নিতে হবে স্টকহোমকে।
এক্ষেত্রে আঙ্কারা মূলত সুইডেনে আশ্রয় নিয়ে থাকা কুর্দি বিচ্ছিন্নতাবাদীদের এবং ২০১৬ সালে তুরস্কে অভ্যুত্থান প্রচেষ্টার জন্য তাদের দায়ী করা একটি গোষ্ঠীকে ‘সন্ত্রাসবাদী’ হিসেবে বিবেচনা করেছে।
তুরস্কের পার্লামেন্টে সুইডেনের নেটো সদস্যপদের বিষয়টি অনুমোদন না পেলে দেশটির এ চেষ্টা থমকে থাকবে। তুরস্কের পাশাপাশি হাঙ্গেরিও এখনও সুইডেনের এ চেষ্টায় সমর্থন দেয়নি।
এ পরিস্থিতিতে এরদোয়ান এবার সুইডেনকে সমর্থন করতে নতুন যে প্রসঙ্গ টেনে এনেছেন, সে বিষয়ে নেটো মহাসচিব স্টলটেনবার্গ বলেন, তিনি তুরস্কের ইইউ সদস্যপদ সমর্থন করেন। আর তিনি যতদূর জানেন, তাতে সুইডেন এরই মধ্যে নেটোতে যোগ দেওয়ার প্রয়োজনীয় সব শর্তই পূরণ করেছে।
