লন্ডন, এপ্রিল ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---রাজকীয় বিয়ের আমন্ত্রণ তালিকা থেকে সিরিয়াকে বাদ দিলো ব্রিটেন। সিরিয়ায় জনগণের ওপর ব্যাপক দমনাভিযানের প্রেক্ষিতে সিরীয় রাষ্ট্রদূতকে দেওয়া প্রিন্স উইলিয়াম ও কেটের বিয়ের আমন্ত্রণপত্র ব্রিটেন প্রত্যাহার করে নিলো।
বাকিংহাম প্যালেসও এ সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছে। পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র বৃহস্পতিবার এক বিবৃতিতে বলেছেন, বিরোধী দল এবং মানবাধিকার গ্র"পগুলোর ব্যাপক সমালোচনার মুখে শুক্রবারের বিয়ের অনুষ্ঠানের আমন্ত্রণ প্রত্যাহার করা হয়েছে।
এতে বলা হয়, সাম্পতিক সময়ে সিরিয়ায় জনগণের ওপর নিরাপত্তা বাহিনী যে দমনপীড়ন চালিয়েছে আমরা তার নিন্দা জানিয়েছি। এর প্রেক্ষিতে সিরিয়ার রাষ্ট্রদূতকে বিয়ের অনুষ্ঠানে নিমন্ত্রিত হিসাবে রাখা যথাযথ হবে না মনে করেই পররাষ্ট্রমন্ত্রী এ সিদ্ধান্ত নিয়েছেন।
বাকিংহাম প্যালেসও একই মত দিয়েছে এবং তারাও অনুষ্ঠানে সিরিয়ার রাষ্ট্রদূতের উপস্থিত থাকাটা ঠিক হবে না বলে মনে করছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২০১৯ ঘ.
bdnews24