মুম্বাইয়ে সাততলা ভবনে অগ্নিকাণ্ডে ৬ মৃত্যু, আহত ৪০
ভবনটির নিচতলার কয়েকটি দোকান ও গাড়ি রাখার স্থানে আগুন ছড়িয়ে পড়ার পর ভবনটির বাসিন্দারা উপরের ফ্ল্যাটগুলোতে আটকা পড়েন।
ভারতের মুম্বাই নগরীর গোরেগাঁও এলাকায় একটি সাততলা ভবনে আগুন লেগে ছয়জনের মৃত্যু ও ৪০ জন আহত হয়েছেন।
শুক্রবার ভোররাতে গোরেগাঁও এর মহাত্মা গান্ধী রোডের ভবনটিতে আগুন লাগে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম।
আনন্দবাজার অনলাাইন জানিয়েছে, আগুন ভবনটির নিচতলার কয়েকটি দোকান ও গাড়ি রাখার স্থানে ছড়িয়ে পড়ে, এতে ভবনটির বাসিন্দারা ফ্ল্যাটগুলোতে আটকা পড়েন; আত্মরক্ষার চেষ্টায় তাদের কয়েকজন ছাদে চলে যান। পরে ভোর ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন দমকলকর্মীরা।
যে ছয়জনের মৃত্যু হয়েছে তাদের মধ্যে একজন পুরুষ বাকি পাঁচজন নারী, তাদের মধ্যে দুইজন অপ্রাপ্তবয়স্ক। আহত ৪০ জনের মধ্যে ১২ জন পুরুষ ও ২৮ জন নারী, এদের মধ্যে একজন অপ্রাপ্তবয়স্ক।
আহতদের মুম্বাইয়ের এইচবিটি হাসপাতাল ও কুপার হাসপাতালে ভর্তি করা হয়েছে, জানিয়েছে এনডিটিভি।
আগুন লাগার কারণ বের করতে তদন্ত শুরু করা হয়েছে।
