০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩

মালয়েশিয়ায় মহাসড়কে বিমান বিধ্বস্ত, নিহত ১০

বিমানটি এয়ার ট্র্যাফিক কন্ট্রোল টাওয়ারের সঙ্গে যোগাযোগ হারিয়ে ফেলার পর মহাসড়কে একটি গাড়ি ও মোটরসাইকেলের ওপর বিধ্বস্ত হয়।

মালয়েশিয়ায় মহাসড়কে বিমান বিধ্বস্ত, নিহত ১০

ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2023, 10:05 AM

Updated : 18 Aug 2023, 10:16 AM

মালয়েশিয়ায় একটি ব্যক্তিগত বিমান রাজধানী কুয়ালালামপুরের কাছে এক বিমানবন্দরে অবতরণ করার চেষ্টাকালে পাশের মহাসড়কে একটি গাড়ি ও মোটরসাইকেলের ওপর বিধ্বস্ত হয়েছে, এতে অন্তত ১০ জন নিহত হয়েছেন বলে দেশটির পুলিশ জানিয়েছে।

সেলাঙ্গর রাজ্যের পুলিশ প্রধান হুসেইন ওমর খান বৃহস্পতিবার সাংবাদিকদের জানান, একটি বিচক্র্যাফট মডেল ৩৯০ (প্রিমিয়ার ১) আকাশযান, ছোট একটি ব্যক্তিগত ব্যবসায়িক জেট, অবতরণ করার ঠিক আগে ছয় যাত্রী ও দুই ক্রুসহ ভোররাত ২টা ৪৮ মিনিটে এলমিনা শহরের কাছে বিধ্বস্ত হয়।   

বিমানটি এয়ার ট্র্যাফিক কন্ট্রোল টাওয়ারের সঙ্গে যোগাযোগ হারিয়ে ফেলার পর মহাসড়কে একটি গাড়ি ও মোটরসাইকেলের ওপর বিধ্বস্ত হয়।

“জরুরি কোনো বার্তা ছিল না, বিমানটিকে অবতরণ করার ক্লিয়ারেন্স দেওয়া হয়েছিল,” বলেন তিনি।

দুর্ঘটনাস্থলে একটি তল্লাশি ও উদ্ধার অভিযান শুরু করা হয়েছে বলে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে।

মালয়েশিয়ার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (সিএএএম) জানিয়েছে, বিমানটি অবকাশযাপন দ্বীপ লাংকাউই থেকে ছেড়ে এসেছিল এবং কুয়ালালামপুরের কাছে সেলাঙ্গরের সুলতান আব্দুল আজিজ শাহ বিমানবন্দরে অবতরণ করার কথা ছিল।

Image

ছবি: রয়টার্স

সিএএএমের প্রধান নির্বাহী নুরুজ্জামান মাহমুদ জানান, বিমানটি ভোররাত ২টা ৪৭ মিনিটে সুবাং এয়ার ট্র্যাফিক কন্ট্রোল টাওয়ারের সঙ্গে প্রথম যোগাযোগ করে আর অবতরণের ক্লিয়ারেন্স পায় ২টা ৪৮ মিনিটে।

“২টা ৫১ মিনিটে সুবাং এয়ার ট্র্যাফিক কন্ট্রোল লক্ষ্য করে দুর্ঘটনাস্থলে থেকে ধোঁয়া উঠছে, কিন্তু বিমানটি থেকে কোনো মেডে কল দেওয়া হয়নি,” এক বিবৃতিতে বলেছেন তিনি।

সিএএএম জানিয়েছে, মালয়েশীয় ব্যক্তিগত বিমান পরিষেবা কোম্পানি ‘জেট ভালেট এসডিএন বিএইচডি’ ফ্লাইটটি পরিচালনা করছিল।

জেট ভালেট তাৎক্ষণিকভাবে মন্তব্যের জন্য জানানো রয়টার্সের অনুরোধে সাড়া দেয়নি। কিন্তু স্থানীয় গণমাধ্যম জানায়, কোম্পানিটি বলেছে তারা তদন্তে কর্তৃপক্ষের সঙ্গে সব ধরনের সহযোগিতা করবে।

তদন্তকারীরা বিমানটির ব্ল্যাক বক্স খুঁজছে। এই ব্ল্যাক বক্সে উড্ডয়নের সঙ্গে সম্পর্কিত সব ধরনের তথ্য রেকর্ড করা আছে।

“তদন্ত চলমান থাকায় আমরা এখনই বলতে পারবো না কী কারণে বিমানটি বিধ্বস্ত হল,” বলেছেন মালয়েশিয়ার পরিবহনমন্ত্রী অ্যান্থনি লোকি।

“ফরেনসিক কর্মকর্তারা নিহত সবার দেহাবশেষ শনাক্ত করছে,” বলেছেন তিনি।