পাকিস্তানে বিস্ফোরণে নিহত ১১, আহত ৩০
পাকিস্তানি তালেবান নামে পরিচিত তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) এ হামলার দায় স্বীকার করেছে।
পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখওয়া প্রদেশের ডেরা ইসমাইল খান জেলায় এক বিস্ফোরণে ১১ জন নিহত হও ৩০ জন আহত হয়েছেন।
আফগানিস্তানের সঙ্গে পাকিস্তানের সীমান্তের কাছে অবস্থিত জেলাটিতে শনিবার এ ঘটনা ঘটেছে বলে দেশটির উদ্ধারকারী পরিষেবা ‘রেসকিউ ১১২২’ জানিয়েছে।
ডেরা ইসমাইল খানে প্রায়ই জঙ্গি হামলার ঘটনা ঘটে। এসব হামলার মূল লক্ষ্য থাকে পুলিশ ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা। তবে এসব হামলায় অনেক বেসামরিকেরও মৃত্যু ঘটে।
এক বিবৃতিতে রেসকিউ ১১২২ জানায়, জেলার দারাজিন্দা এলাকার আমান মেলায় বিস্ফোরণটি ঘটেছে। দারাজিন্দা স্টেশনের উদ্ধারকারী দলগুলো ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। তারা আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর হাসপাতালে নিয়ে যায়।
পাকিস্তানি তালেবান নামে পরিচিত তেহরিক-ই-তালেবান পাকিস্তান এ হামলার দায় স্বীকার করেছে বলে রয়টার্স জানিয়েছে।
চলতি সেপ্টেম্বর মাসে ডেরা ইসমাইল খান জেলায় নিরাপত্তা লঙ্ঘনের ও প্রাণঘাতী বিস্ফোরণের আরও কয়েকটি ঘটনা ঘটেছে। এর মধ্যে কিছু ঘটনার দায় স্বীকার করেছে তেহরিক-ই-তালেবান পাকিস্তান বা টিটিপি। টিটিপি পাকিস্তান ও আফগানিস্তান সীমান্ত অঞ্চলে সক্রিয় একটি কট্টর ইসলামপন্থি সশস্ত্র জঙ্গি গোষ্ঠী।
