২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জিরো-কোভিড নীতিকে বিদায় জানিয়ে সীমান্ত খুলল চীন

জিরো-কোভিড নীতির কঠোর বিধিনিষেধের বেড়াজালে চীনের মানুষ ভাইরাস সংক্রমণ থেকে সুরক্ষিত থাকলেও তারা বাদবাকী বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে ছিল।

জিরো-কোভিড নীতিকে বিদায় জানিয়ে সীমান্ত খুলল চীন

ছবি: রয়টার্স

রয়টার্স

Published : 08 Jan 2023, 02:38 PM

Updated : 08 Jan 2023, 02:44 PM

কোভিড মহামারীর শুরু থেকে তিন বছর পর জিরো-কোভিড নীতির সর্বশেষ বিধি ভ্রমণকারীদের জন্য কোয়ারেন্টিনের নিয়ম তুলে দিয়ে সীমান্ত খুলে দিয়েছে চীন।

জিরো-কোভিড নীতির কঠোর বিধিনিষেধের বেড়াজালে চীনের মানুষ ভাইরাস সংক্রমণ থেকে সুরক্ষিত থাকলেও তারা বাদবাকী বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে ছিল।

রোববার হংকংয়ের সঙ্গে চীনের সীমান্ত খুলে যাওয়ায় স্থল ও সাগরপথে ভ্রমণকারীদের ঢল শুরু হয়েছে। হংকং থেকে অনেকেই চীনে যাচ্ছেন। দীর্ঘদিন পর পরিবার-স্বজনদের সঙ্গে দেখা করতে উৎসুক হয়ে আছেন তারা।

হংকংয়ের এমনই এক অধিবাসী তেরেসা চো বলেন, “আমি খুব, খুবই খুশি, খুবই অধীর। বহু বছর বাবা-মাকে দেখিনি। বাবা-মা ভাল নেই। তাদের কোলন ক্যান্সার হওয়ার খবর শোনার পরও দেখতে যেতে পারিনি। এখন তাদেরকে দেখতে যেতে পেরে আমি সত্যিই খুশি।”

হংকংয়ের বাদিন্দাদের মতো অনেক চীনাও বিদেশে ভ্রমণে যাওয়ার পথে আছে। থাইল্যান্ড, ইন্দোনেশিয়ার মতো দেশগুলোর পর্যটন স্থানগুলোতে দীর্ঘসময় ধরেই যেতে পারেনি চীনারা। সীমান্ত খোলার পর এখন তাদের সেসব স্থানে ভ্রমণের দ্বার খুলে গেছে।

যদিও চীনে আবার নতুন করে কোভিড সংক্রমণ বাড়তে থাকার কারণে বিশ্বের অনেক দেশই উদ্বিগ্ন হয়ে চীন থেকে আগতদের জন্য নতুন সব বিধিনিষেধ আরোপ করছে। এইসব বিধিনিষেধ এবং আন্তর্জাতিক ফ্লাইটের অভাবের কারণে তাই অচিরেই বিদেশ ভ্রমণ মহামারী-পূর্ব পর্যায়ে ফিরবে বলে মনে করছেন না বিশ্লেষকরা।

চীন রোববার থেকে মূল ভূখন্ডের অধিবাসীদের জন্য পাসপোর্ট, ভ্রমণ ভিসা এবং সাধারন ভিসা ইস্যু করতে শুরু করেছে। বিদেশিদের জন্য রেসিডেন্স পারমিটও দেওয়া হচ্ছে। আর প্রতিদিন হংকং থেকে চীনে মানুষের যাতায়াতের জন্য কোটা ব্যবস্থা আছে বেইজিংয়ের।

আগে বাইরে থেকে চীনে ‍ঢুকলেই ৮ দিনের কোয়ারেন্টিনে থাকার নিয়ম ছিল। সেই নিয়ম এখন তুলে নেওয়া হয়েছে। চীনের স্যোশাল মিডিয়ায় পোস্ট করা ভিডিও ফুটেজে সাংহাইয়ের পুডং বিমানবন্দরে কর্মীদেরকে কোয়ারেন্টিন বিধির নীল সাইনবোর্ড খুলে নিতে দেখা গেছে।

অন্যান্য ভিডিওতে বিমানবন্দরের গেটে আপনজনদের সঙ্গে দেখা হওয়ার আনন্দে আবেগাপ্লুত মানুষদের একে অপরকে জড়িয়ে ধরতে দেখা গেছে।

চীন সরকার গত বছরের শেষদিকে গণবিক্ষোভের মুখে তাদের ‘জিরো-কোভিড’ নীতি থেকে সরে গিয়ে সংক্রমণের বিস্তার রোধে আরোপ করা অধিকাংশ বিধিনিষেধ প্রত্যাহার করে নেয়।

২০২০ সালের মার্চ মাস থেকে চীন সরকার তাদের সব সীমান্ত বলতে গেলে বন্ধই রেখেছিল। এই সময়ে অল্প যে কয়েকজন বিদেশি চীনে প্রবেশ করার সুযোগ পেয়েছিলেন তাদের কোভিড পরীক্ষা এবং কোয়ারেন্টিনের মধ্য দিয়ে যেতে হয়েছে।