২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হাসপাতাল থেকে ছাড়া পেলেন মাহাথির

কোভিড-১৯ ধরা পড়ার পর গত সপ্তাহে ৯৭ বছর বয়সী এ রাজনীতিককে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল।

হাসপাতাল থেকে ছাড়া পেলেন মাহাথির

মাহাথির মোহাম্মদ।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Sep 2022, 02:18 PM

Updated : 04 Sep 2022, 02:18 PM

কোভিড-১৯ নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ বাড়ি ফিরেছেন বলে জানিয়েছে তার কার্যালয়।

রোববার তিনি হাসপাতাল থেকে ছাড়া পান বলে তার কার্যালয়ের বিবৃতির বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

৯৭ বছর বয়সী এ রাজনীতিকের হৃদরোগজনিত সমস্যা ছিল, অতীতে তার বাইপাস সার্জারিও হয়েছে।

দুই দশকেরও বেশি সময় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করা মাহাথিরের দেহে প্রাণঘাতী করোনাভাইরাসের অস্তিত্ব শনাক্ত হওয়ার পর বুধবার তাকে ন্যাশনাল হার্ট ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছিল। এরপর সেখানেই তার চিকিৎসা চলে।

হাসপাতাল থেকে ছাড়া মিললেও মঙ্গলবার পর্যন্ত তাকে বাড়িতেই কোয়ারেন্টিনে থাকতে হবে, বলা হয়েছে তার কার্যালয়ের বিবৃতিতে।

মাহাথির কোভিড টিকার তিনটি ডোজ নিয়েছেন, সর্বশেষ ডোজটি তিনি গত বছরের নভেম্বরে পেয়েছেন বলে সরকারি কর্মকর্তাদের পাশাপাশি সাবেক এ প্রধানমন্ত্রী নিজেও জানিয়েছিলেন।

টানা ২২ বছর প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন শেষে ২০০৩ সালে অবসর নিলেও ২০১৮ সালে বিরোধীদের নিয়ে জোট গড়ে নিজে একসময় যে দলের নেতৃত্বে ছিলেন, তাদেরকে হারিয়ে ফের প্রধানমন্ত্রী হন তিনি।

অভ্যন্তরীণ কোন্দলের কারণে তার নেতৃত্বাধীন ওই সরকার অবশ্য দুই বছরের বেশি টিকতে পারেনি।