যুক্তরাষ্ট্রে তিন রাজ্যে টর্নেডোয় নিহত ২, বহু নিখোঁজ
ওকলাহোমা, টেক্সাস এবং আরকানস রাজ্যে এই ঝড়ে বিধ্বস্ত হয়েছে ঘরবাড়ি, বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে হাজার হাজার মানুষ।
যুক্তরাষ্ট্রের ওকলাহোমা, টেক্সাস এবং আরকানস রাজ্যে টর্নেডোর তাণ্ডবে অন্তত ২ জন নিহত এবং বহু মানুষ নিখোঁজ হয়েছে।
সিএনএন জানায়, শুক্রবার দিনের শেষভাগে এই টর্নেডো বয়ে গেছে। এতে বিধ্বস্ত হয়েছে ঘরবাড়ি, বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে হাজার হাজার মানুষ। আকস্মিক বন্যায় কিছু কিছু এলাকা প্লাবিতও হয়েছে।
কর্মকর্তারা উদ্ধার ও অনুসন্ধান অভিযান শুরু করেছেন। ঝড়ে ওকলাহোমা এবং টেক্সাসে দুইজন মারা গেছে বলে জানিয়েছেন তারা।
টেক্সাসে অন্তত ১৫ টি বাড়ি বিধ্বস্ত হয়েছে। ওকলাহোমায় ঝড় বয়ে যাওয়ার পর কয়েকটি কাউন্টিতে জরুরি অবস্থা জারির ঘোষণা দিয়েছেন রাজ্যের গভর্নর কেভিন স্টিট।
এক টুইটে তিনি জানান, ১০০টিরও বেশি ঘরবাড়ি এবং ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে। পরিস্থিতি খুবই ‘হৃদয়বিদারক’ বলে মন্তব্য করেন কেভিন। ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে সাহায্য-সহযোগিতা নিশ্চিত করতে তিনি জরুরি অবস্থা ঘোষণা করছেন বলে জানান।
টনের্ডোর কারণে শনিবার সন্ধ্যায়ও আরকানস, ওকলাহোমা, টেক্সাস এবং লুইজিয়ানা জুড়ে ২০ হাজারের বেশি বাড়িঘর এবং ব্যবসা প্রতিষ্ঠান ছিল বিদ্যুৎবিচ্ছিন্ন । এসব জায়গায় শুক্রবার রাত থেকেই টর্নেডোর সতর্কতা জারি ছিল।
