১৮ অক্টোবর ২০২৬, ০২ কার্তিক ১৪৩৩

পারস্য উপসাগর ও হরমুজ প্রণালিতে ২ জাহাজে হামলা

হরমুজ প্রণালিতে ২০ লাখেরও বেশি অপরিশোধিত তেলবাহী একটি সুপারট্যাংকার সামুদ্রিক মাইনের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে।

পারস্য উপসাগর ও হরমুজ প্রণালিতে ২ জাহাজে হামলা

ওমানের উপকূলের কাছাকাছি সমুদ্রে তেলবাহী ট্যাঙ্কার আল শাফিয়া। ফাইল ছবি: রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 17 Oct 2026, 11:15 PM

Updated : 17 Oct 2026, 11:15 PM

পারস্য উপসাগর ও হরমুজ প্রণালিতে অন্তত দুটি জাহাজে হামলার ঘটনা ঘটেছে। আর ইয়েমেন উপকূলে বন্দুকধারীরা তৃতীয় আরেকটি জাহাজ লক্ষ্য করে গুলি ছুড়ছে বলে খবর হয়েছে।

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) নৌবাহিনী শনিবার ঘোষণা করেছে, হরমুজ প্রণালিতে ২০ লাখেরও বেশি অপরিশোধিত তেলবাহী একটি সুপারট্যাংকার সামুদ্রিক মাইনের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে। মাইনের আঘাতে জাহাজটিতে আগুন ধরে যায়।

তাদের বিবৃতির বরাত দিয়ে ইরানি বার্তা সংস্থা তাসনিম জানায়, জাহাজটি তাদের অবস্থান জানানোর সবগুলো ট্র্যাকিং সিস্টেম ও রেডার পদ্ধতি বন্ধ করে একটি ‘অননুমোদিত’ রুট ধরে যাওয়ার সময় একটি মাইনে ধাক্কা দিলে সেটি বিস্ফোরিত হয়। বড় ধরনের এ বিস্ফোরণে জাহাজটির ইঞ্জিন রুম ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় আর এটি চলার ক্ষমতা হারিয়ে ফেলে।

বিবৃতিতে আইআরজিসির নৌবাহিনী বলেছে, “আগ্রাসী মার্কিন সামরিক বাহিনী সুপারট্যাঙ্কারটিকে বিভ্রান্ত করে সেটিকে বেআইনিভাবে হরমুজ প্রণালি অতিক্রম করার প্রচেষ্টায় প্ররোচিত করেছিল।”

আল জাজিরা জানিয়েছে, ওই নৌবাহিনী বলেছে, “হরমুজ প্রণালিতে নিরাপদ রুটের জন্য অন্য দেশগুলোর উচিত ইরানের সশস্ত্র বাহিনীর সঙ্গে সমন্বয় করা। আমরা হরমুজ প্রণালির পূর্ব দিকের এলাকা, আরব সাগর ও ওমান উপসাগরের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ ও গোয়েন্দা নজরদারি বজায় রেখেছি।”

এদিকে, যুক্তরাজ্যের সামুদ্রিক নজরদারি সংস্থা ‘ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশন্স’ শনিবার জানায়, পারস্য উপসাগরের সৌদি আরব উপকূলে ‘অজ্ঞাত একটি ক্ষেপণাস্ত্র’ একটি ট্যাংকারে আঘাত হেনেছে। এ হামলার পর ট্যাংকারটি থেকে এর ক্রুদের সরিয়ে নেওয়া হয়।

সংস্থাটি জানিয়েছে, শুক্রবার সৌদি আরবের পূর্বাঞ্চলীয় বন্দর শহর জুবাইল থেকে ৬৮ নটিক্যাল মাইল দূরে হামলার ঘটনাটি ঘটে। তবে জাহাজটির ক্রুরা ‘সবাই নিরাপদ আছেন’।

আরেক সামুদ্রিক নিরাপত্তা সংস্থা ‘ভ্যানগার্ড’ জানিয়েছে, তারা আক্রান্ত জাহাজটিকে শনাক্ত করেছে, সেটি মার্শাল আইল্যান্ডের পতাকাবাহী একটি অপরিশোধিত তেলবাহী ট্যাংকার, নাম সাফিন প্রিন্সিপাল।

হামলার পর জাহাজটির ইঞ্জিন রুমে আগুন ধরে যায় ও এটি বিদ্যুৎবিহীন হয়ে নিয়ন্ত্রণহীন হয়ে পড়ে।

ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বিনা ঘোষণায় ইরানে হামলা শুরু করার পর থেকে পশ্চিম এশিয়াজুড়ে যুদ্ধ ছড়িয়ে পড়ে। যুদ্ধ শুরু হওয়ার পর ইরান পারস্য উপসাগর হয়ে তেল-গ্যাস রপ্তানির একমাত্র জলপথ হরমুজ প্রণালি বন্ধ করে দেয়। এর প্রতিক্রিয়ায় মার্কিন বাহিনী ইরানি বন্দরগুলোর বিরুদ্ধে নৌ-অবরোধ শুরু করে।

এ সময়জুড়ে হরমুজ প্রণালি দিয়ে চলাচলের চেষ্টারত জাহাজগুলো নিয়মিত হামলার শিকার হয়ে আসছে।

যুদ্ধ শুরু হওয়ার আগে বিশ্বজুড়ে রপ্তানি হওয়া তেল ও গ্যাসের প্রায় এক পঞ্চমাংশ হরমুজ প্রণালি দিয়ে সরবরাহ করা হত। কিন্তু তা প্রায় বন্ধ হয়ে যাওয়ায় বিশ্বজুড়ে তেল-গ্যাসের দাম বেড়ে গেছে।

আইআরজিসির নৌবাহিনী পরিষ্কার করে জানিয়ে দিয়েছে, হরমুজ প্রণালি বন্ধ আছে আর কোনো জাহাজ ইরানের বিধিনিষেধ না মেনে এ জলপথ ব্যবহারের চেষ্টা করলে হামলার মুখে পড়বে।