রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেইনে নিহত ১১
নিহতদের মধ্যে পাঁচটি শিশুও রয়েছে। যা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের এক কর্মকর্তা।
পূর্ব ইউক্রেইনের পোকরোভস্ক শহরে শনিবার রাশিয়ার একটি ক্ষেপণাস্ত্র হামলায় ১১ জন নিহত এবং আরো ১০ জন আহত হয়েছে বলে জানিয়েছেন দোনেৎস্ক অঞ্চলে ইউক্রেইন নিয়ন্ত্রিত অংশের গভর্নর ভাদিম ফিলাশকিন।
নিহতদের মধ্যে পাঁচটি শিশুও রয়েছে। যা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সেখানে জাতিসংঘের এক কর্মকর্তা।
হামলার পর শনিবার রাতেও উদ্ধার কাজ চলেছে। ইউক্রেইনের টেলিভিশনকে গভর্নর ফিলাশকিন বলেন, শনিবার স্থানীয় সময় বিকাল ৩টার দিকে রাশিয়ার একটি এস-৩০০ ক্ষেপণাস্ত্র পোকরোভস্কে আঘাত হানে।
“বর্বরোচিত এ হামলার ফলে ১১ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে ৩ থেকে ১৭ বছর বয়সের পাঁচটি শিশুও রয়েছে।
“হামলায় ১০ জন আহত হয়েছে। শনিবার রাতভর উদ্ধার কাজ চলেছে। রোববার সকাল নাগাদ আমরা বুঝতে পারবো ঠিক কত জন আহত হয়েছে।”
এই হামলার বিষয়ে জাতিসংঘে ইউক্রেইনের জন্য মানবাধিকার বিষয়ক সমন্বয়ক ডেনিস ব্রাউন বলেন, “এ হামলা আমাকে সত্যিই আতঙ্কিত করেছে। বিশেষ করে শিশুদের মৃত্যুর কারণে।
“এই সব শিশুরা শুধুমাত্র যুদ্ধের কারণে প্রাণ হারিয়েছে।”
সম্প্রতি ইউক্রেইনের বিভিন্ন শহরে বেসামরিক স্থাপনা লক্ষ্য করে রাশিয়ার হামলায় অনেক শিশু, নারী ও পুরুষ নিহত হচ্ছে।
