শাদে বিক্ষোভে সহিংসতায় নিহত প্রায় ৫০: সরকার
মানবাধিকার গোষ্ঠীগুলো বলেছে, নিরাপত্তা বাহিনী নির্মমভাবে বিক্ষোভ দমন করার সময় নিরস্ত্র বেসামরিকরা নির্বিচার হত্যার শিকার হয়।
আফ্রিকার দেশ শাদে দ্রুত গণতান্ত্রিক শাসনে উত্তরণের দাবি জানাতে শত শত মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ প্রদর্শন করার সময় সহিংসতায় প্রায় ৫০ জন নিহত ও ৩০০ জনের মতো আহত হয়েছে।
বৃহস্পতিবার হতাহতের এ ঘটনা ঘটেছে বলে এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী সালেহ কেবজাবু। ঘটনাটিকে একটি ‘সশস্ত্র বিদ্রোহ’ বলে বর্ণনা করে সরকার তখনো হতাহতের তথ্য সংগ্রহ করছিল বলে জানিয়েছেন তিনি।
কিন্তু মানবাধিকার গোষ্ঠীগুলো বলেছে, রাজধানী এনজামিনায় ও আরও কয়েকটি শহরে নিরাপত্তা বাহিনী নির্মমভাবে বিক্ষোভ দমন করার সময় নিরস্ত্র বেসামরিকরা নির্বিচার হত্যার শিকার হয়।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সামরিক শাসনের অধীনে থাকা মধ্য আফ্রিকার এই দেশটি ২০২১ সালের এপ্রিলে প্রেসিডেন্ট ইদ্রিস দেবির মৃত্যুর পর থেকেই সংকটে আছে। মৃত্যুর আগ পর্যন্ত দেবি লৌহ মুষ্টিতে তিন দশক ধরে দেশটি শাসন করেন।
তার ছেলে মোহামাত ইদ্রিস দেবি বাবার মৃত্যুর পরপরই ক্ষমতা দখল করেন এবং প্রাথমিকভাবে ১৮ মাসের মধ্যে নির্বাচনে যাওয়ার প্রতিশ্রুতি দেন, কিন্তু পহেলা অক্টোবর এক ঘোষণা দিয়ে নির্বাচন দুই বছর পিছিয়ে দেন তিনি।
প্রাথমিকভাবে প্রতিশ্রুতি দেওয়া ১৮ মাসের শেষ দিন ছিল বৃহস্পতিবার। এ দিন প্রতিবাদের ডাক দেয় বিরোধী দল ও সুশীল সমাজ গোষ্ঠীগুলো আর নিরাপত্তার কারণ দেখিয়ে সরকার সেগুলো নিষিদ্ধ করে।
কিন্তু বৃহস্পতিবার সকাল থেকেই জনতা রাস্তায় নেমে বিক্ষোভ দেখাতে শুরু করে। তারা রাস্তা বন্ধ করে দেয় এবং নতুন প্রধানমন্ত্রীর প্রধান কার্যালয়ে আাগুন ধরিয়ে দেয়।
গত সপ্তাহে নতুন ‘ঐক্য সরকারের’ প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়া কেবজাবু বলেন, “আজ যা ঘটেছে তা জোর করে ক্ষমতা দখলের জন্য হওয়া একটি সশস্ত্র গণবিদ্রোহ আর এই সহিংসতার জন্য দায়ীদের বিচারের আওতায় আনা হবে।
“বিক্ষোভকারীদের কাছে আগ্নেয়াস্ত্র ছিল এবং তারা বিদ্রোহী বলে বিবেচিত হয়। শুধুমাত্র আত্মরক্ষার জন্য নিরাপত্তা বাহিনী জবাব দিয়েছে।”
কেবজাবু দীর্ঘদিন ধরে ইদ্রিস দেবির শাসনের বিরোধিতাকারী নেতা হিসেবে পরিচিত ছিলেন।
আন্তর্জাতিক মানবাধিকার ফেডারেশন ও শাদে এর অংশীদার সংগঠনগুলো জানিয়েছে, নিরাপত্তা বাহিনীগুলো সহিংসভাবে বিক্ষোভ দমন করেছে এবং এ সময় তাজা গুলি ব্যবহারের পাশাপাশি নির্যাতন ও নির্বিচারে গ্রেপ্তার করেছে বলে খবর পাওয়া গেছে।
অতীতে রয়টার্সের সঙ্গে কাজ করা শাদের সাংবাদিক ওহেদজে নার্সিস নিহতদের মধ্যে আছেন বলে তার ভাই জানিয়েছে।
অন্য যারা নিহত হয়েছে তাদের মধ্যে একজন পুলিশ সদস্য, ২৮ বছর বয়সী এক বিক্ষোভকারী ও শাদের গায়ক রেইস কিম রয়েছেন। কিম হাসপাতালে মারা যান।
গত বছর মোহামাত দেবি ক্ষমতা দখল করার পর থেকেই শাদে দাঙ্গা লেগে আছে, কিন্তু তারপর থেকে বৃহস্পতিবারই ছিল সবচেয়ে রক্তাক্ত দিন।
সহিংসতার পর সরকার জরুরি অবস্থা ঘোষণা করে সন্ধ্যা ৬টা থেকে পরদিন ভোর ৬টা পর্যন্ত কারফিউ জারি করেছে। তবে নজিরবিহীন বন্যার জন্য প্রেসিডেন্ট মোহামাত বুধবারই জরুরি অবস্থা ঘোষণা করেছিলেন।
