প্রেসিডেন্ট প্রাসাদের সুইমিংপুলে দাপাদাপি, ইরাকে শ্রীলঙ্কার দৃশ্য ফেরাল বিক্ষোভকারীরা
বিক্ষোভকারীরা বাগদাদের গ্রিন জোনের কড়া নিরাপত্তা ব্যবস্থা টপকে রিপাবলিকান প্রাসাদে হানা দেয়; সেখানকার সুইমিংপুলে নেমে তাদের গা-জুড়ানোর ছবি ও ভিডিও পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
প্রভাবশালী শিয়া নেতা মুক্তাদা আল-সদর রাজনীতি থেকে অবসর নেওয়ার ঘোষণা দেওয়ার পর ইরাকের রাজধানী বাগদাদে সহিংস বিক্ষোভ ছড়িয়ে পড়েছে।
বিক্ষোভকারীরা সোমবার বাগদাদের গ্রিন জোনের কড়া নিরাপত্তা ব্যবস্থা টপকে মধ্যপ্রাচ্যের দেশটির ক্ষমতাকেন্দ্র রিপাবলিকান প্রাসাদে হানা দেয়, যেমনটি সপ্তাহ কয়েক আগে অর্থনৈতিক সংকটে জর্জরিত শ্রীলঙ্কায়ও দেখা গেছে।
শ্রীলঙ্কার বিক্ষোভকারীদের মতো এদিন ইরাকের বিক্ষোভকারীরাও প্রেসিডেন্ট প্রাসাদে জোর করে ঢুকে পড়ে; প্রাসাদের সুইমিংপুলে নেমে তাদের গা-জুড়ানোর ছবি, ভিডিও পরে সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে পড়ে বলে জানায় হিন্দুস্তান টাইমস।
সোমবার ইরাকে সহিংসতায় জনাবিশেক মানুষের মৃত্যুর খবর মিলেছে।
ধর্মীয় নেতা মুক্তাদা আলসদর রাজনীতি ছেড়ে দেওয়ার ঘোষণা দেওয়ার কয়েক ঘণ্টা পর সোমবার রাতের দিকে তার সমর্থকরা বাগদাদের অনেক সড়কের দখল নিয়ে নেয়।
মুক্তাদার ঘনিষ্ঠ সারায়া সালাম নিরাপত্তা গোষ্ঠী পপুলার মোবিলাইজেশন ফোর্সেসের সঙ্গে সংঘর্ষেও জড়ায়।
প্রেসিডেন্ট প্রাসাদের আশপাশের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পরে বিশেষ বাহিনী, সেনাবাহিনীর নবম ডিভিশনের ছোট একটি দলও পাঠানো হয়।
নিরাপত্তা বাহিনীকে গ্রিন জোনের বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে গ্যাস বোমা ও স্টান গ্রেনেড ছুড়তে হয় বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যমগুলো।
শহরের কেন্দ্রস্থলে মেশিনগানের গুলির আওয়াজ পাওয়া গেছে; মুক্তাদা সদরের সমর্থক ও ইরান সমর্থিত বিভিন্ন বাহিনীর সদস্যরা একে অপরের দিকে অনবরত পাথর ছুড়েছে বলেও খবর পাওয়া গেছে।
প্রেসিডেন্ট প্রাসাদের নিরাপত্তারক্ষীরা বিক্ষোভকারীদের থামাতে না পারার কিছুক্ষণের মধ্যেই কারফিউ জারি হয়।
রাশিয়া টুডের এক প্রতিবেদনে বলা হয়েছে, শিয়া ধর্মী নেতা আয়াতুল্লাহ কাদিম আল-হায়েরি অবসরে যাওয়ার ঘোষণা দেওয়ার প্রতিক্রিয়ায় রাজনীতি ছেড়ে দেওয়ার কথা জানান মুক্তাদা সদর। মুক্তাদার অনেক সমর্থকই তার অনুসারী ছিল।
স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করার আগে আল-হায়েরি তার অনুগতদের ইরাকের পবিত্র শহর নাজাফের শিয়া আধ্যাত্মবাদ কেন্দ্রের বদলে ইরানের ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আল খামেনিকে অনুসরণ করার আহ্বান জানান।
ইরান-সমর্থিত দল থেকে প্রধানমন্ত্রী মনোনীত করায় গত মাসেই মুক্তাদা সদরের সমর্থকরা বাগদাদের সুরক্ষিত পার্লামেন্ট ভবনেও হানা দিয়েছিল। তারা ইরানের খুবই ঘনিষ্ঠ হিসেবে পরিচিত মোহাম্মদ শিয়া আল-সুদানির প্রধানমন্ত্রী প্রার্থীতার বিরোধিতা করছে।
মুক্তাদা আল-সদরের জোট পার্লামেন্ট নির্বাচনে সবচেয়ে বেশি আসন জিতলেও গত বছর থেকেই দেশটিতে নতুন সরকার গঠন নিয়ে অনিশ্চয়তা চলছে। রাজনৈতিক সংস্কারের দাবিতে মুক্তাদা সদরের সমর্থকদের ২০১৬ সালের অবস্থান ধর্মঘটও এমন অনিশ্চয়তা সৃষ্টি করেছিল।
