ইরানে বিক্ষোভ, আরও তিন জনের মৃত্যুদণ্ড
কঠোর হাতে বিক্ষোভ দমন নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে তীব্র সমালোচনা উপেক্ষা করে ইরান এই তিনজনকে মৃত্যুদণ্ড দিল।
নীতি পুলিশের হেফাজতে মাশা আমিনির মৃত্যু ঘিরে ইরান জুড়ে ছড়িয়ে পড়া বিক্ষোভে অংশ নেওয়া আরো তিন বিক্ষোভকারীকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।
কঠোর হাতে বিক্ষোভ দমন নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে তীব্র সমালোচনা উপেক্ষা করে ইরানের বিচার বিভাগ ‘আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করার’ অভিযোগে ওই তিনজনকে মৃত্যুদণ্ড দিল।
সোমবার মিজান সংবাদ সংস্থা এ খবর জানিয়েছে। এর আগে গত শনিবার ইরান মোহাম্মদ মাহদি কারামি এবং সৈয়দ মোহাম্মদ হোসেইনি নামের দুই বিক্ষোভকারীকে ফাঁসি দেয়।
বিক্ষোভের সময় ইরানের আধাসামরিক বাহিনীর এক সদস্যকে হত্যার অভিযোগে তাদেরকে দোষী সাব্যস্ত করা হয়েছিল। এবার মৃত্যুদণ্ড পাওয়া তিনজন হলেন- সালেহ মিরহাশেমি, মাজিদ কাজেমি এবং সাইদ ইয়াগৌবি।
ইসফাহান নগরীতে সরকারবিরোধী বিক্ষোভ চলাকালে স্বেচ্ছাসেবী বাসিজ মিলিশিয়ার সদস্যদেরকে হত্যার অভিযোগে ওই তিনজনকে দোষী সাব্যস্ত করা হয়েছে। তবে এই মৃত্যুদণ্ডপ্রাপ্তরা রায়ের বিরুদ্ধে আপিল করতে পারবেন।
ইরানের অভিজাত রেভল্যুশনারি গার্ড বাহিনী সংশ্লিষ্ট বাসিজ মিলিশিয়া দেশে বিক্ষোভ দমনের অগ্রভাগে রয়েছে। বিক্ষোভকারীদেরকে মৃত্যুদণ্ড দিয়ে বিক্ষোভ দমনের জন্য সোমবার পোপ ফ্রান্সিস ইরানের নিন্দা করেছেন।
এর আগে গত ডিসেম্বর মাসের শুরুর দিকেও মাত্র চার দিনের ব্যবধানে মোহসেন শেকারি ও মাজিদ রেজা রেহনাভার্দ নামে দুই বিক্ষোভকারীকে জনসম্মুখে ফাঁসি দেওয়া হয়েছিল।
তাদর বিরুদ্ধেও আধাসামরিক বাহিনীর এক সদস্যকে আঘাত করা এবং নিরাপত্তা বাহিনীর দুই সদস্যকে হত্যার অভিযোগ ছিল।
এভাবে বিক্ষোভের মধ্যে নিরাপত্তা বাহিনীর সদস্যদের হত্যা করার অভিযোগ এনে আদালতের একের পর এক বিক্ষোভকারীকে মৃত্যুদণ্ড দেওয়া ‘লজ্জাজনক বিচার’ বলে বর্ণনা করেছে বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন।
ইরানে নারীদের জন্য থাকা কঠোর পোশাকবিধি ঠিকঠাক না মানার অভিযোগে আটক ২২ বছরের তরুণী মাশাকে গত সেপ্টেম্বর মাসের মাঝামাঝিতে আটকের পর পুলিশি হেফাজতে তিনি মারা গেলে তার দাফনের দিন থেকে তার শহরে বিক্ষোভ শুরু হয়, যা কয়েকদিনের মধ্যে ইরানজুড়ে কট্টর পোশাকবিধি ও ইসলামি শাসনের বিরুদ্ধে প্রবল বিক্ষোভে রূপ নয়।
বিক্ষোভে এখন পর্যন্ত ৫১৬ বিক্ষোভকারী নিহত হয়েছে বলে দাবি করেছে হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস নিউজ এজেন্সি। আন্তর্জাতিক মানবাধিকার গোষ্ঠী অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেছে, ‘গণআন্দোলনকে দমাতে এবং মানুষকে ভীত করতেই’ এসব মৃত্যুদণ্ড দেওয়া হচ্ছে।
তবে এইসব সমালোচনার ঝড়ের মধ্যেও সোমবার ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি বলেছেন, রাষ্ট্রের অবস্থান নমনীয় করার কোনও ইচ্ছা নেই। টিভিতে এক ভাষণে তিনি বলেন, “যারা জনসমাগম এলাকায় আগুন দিচ্ছে, ইসলিামিক আইনে তারা সন্দেহাতীতভাবেই দেশদ্রোহ সংঘটিত করছে। আর দেশদ্রোহের শাস্তি মৃত্যু।”
