উত্তর কোরিয়ার কাছ থেকে অস্ত্র কিনছে রাশিয়া: যুক্তরাষ্ট্র
ইউক্রেইনে আগ্রাসনের জেরে পশ্চিমা বিশ্বের নিষেধাজ্ঞায় পড়া রাশিয়ার জন্য সামরিক রসদ সরবরাহ কঠিন হয়ে ওঠায় তারা উত্তর কোরিয়ার দিকে ঝুঁকছে বলে মনে করেন এক মার্কিন কর্মকর্তা।
উত্তর কোরিয়ার কাছ থেকে রাশিয়া কয়েক লাখ কামানের গোলা এবং রকেট কিনেছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা। যেগুলো ইউক্রেইনের যুদ্ধক্ষেত্রে ব্যবহার করা হবে।
তবে রাশিয়া কোন কোন সমরাস্ত্র কিনছে সে বিষয়ে গোয়েন্দা প্রতিবেদনে বিস্তারিত কিছু জানানো হয়নি। শুধু বলা হয়েছে, সেগুলোর মধ্যে কামানের গোলা এবং রকেট রয়েছে।
যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থার বরাত দিয়ে দ্য নিউ ইয়র্ক টাইমস এ খবর প্রকাশ করেছে। এর মাত্র কয়েকদিন আগেই রাশিয়ার সেনাবাহিনী ইরানের তৈরি ড্রোনের ব্যবহার শুরু করেছে বলে খবর প্রকাশ পেয়েছিল।
যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা নিউ ইয়র্ক টাইমসে প্রকাশ পাওয়া এ খবরের সত্যতা নিশ্চিত করেছে বলে জানায় বার্তা সংস্থা রয়টার্স। তারা এও বলেছেন, উত্তর কোরিয়া থেকে রাশিয়া আরও সামরিক সরঞ্জাম কিনবে বলেই তারা ধারণা করছেন।
এ বিষয়ে এক ইমেইলে যুক্তরাষ্ট্রের একজন কর্মকর্তা বলেন, ‘‘রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় ইউক্রেইনের যুদ্ধক্ষেত্রে ব্যবহারের জন্য উত্তর কোরিয়া থেকে লাখ লাখ রকেট ও কামানের গোলা কেনার প্রক্রিয়া শুরু করেছে।”
ইউক্রেইনে আগ্রাসনের কারণে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্ব রাশিয়ার উপর নানা ধরনের কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে।
অনেক দেশ ওই নিষেধাজ্ঞা অনুসরণ করে রাশিয়ার কাছে অস্ত্র বিক্রি বন্ধ করেছে। যে কারণে রুশ সেনাবাহিনী ইউক্রেইনের যুদ্ধক্ষেত্রে সামরিক রসদ সরবরাহে ভয়াবহ সংকটে পড়েছে বলেও মনে করেন যুক্তরাষ্ট্রের ওই কর্মকর্তা। তিনি বলেন, ‘‘উত্তর কোরিয়া থেকে অস্ত্র কেনা সেই ইঙ্গিতই দিচ্ছে।
‘‘এবং আমাদের বিশ্বাস রাশিয়া সামনের দিনগুলোতে উত্তর কোরিয়ার কাছ থেকে আরও সামরিক সরঞ্জাম কেনার চেষ্টা করবে।”
‘রাশিয়ার উপর পশ্চিমা নিষেধাজ্ঞার প্রভাব পড়তে শুরু করেছে এবং ইউক্রেইনে রুশ বাহিনীর অগ্রাসন অব্যাহত রাখার সক্ষমতা হ্রাস পেতে শুরু করেছে’ বলেও মনে করেন যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা।
গত মাসে যুক্তরাষ্ট্রের একজন কর্মকর্তা রয়টার্সকে বলেছিলেন, ইরানের তৈরি রাশিয়ার ড্রোনগুলো ‘অসংখ্যবার ব্যর্থ’ হয়েছে।
ইউক্রেইন সম্প্রতি খেরসনসহ বেশ কয়েকটি স্থানে পাল্টা আক্রমণ শুরু করেছে, যেগুলো আগ্রাসনের একেবারে শুরুতেই রাশিয়ার দখলে চলে গিয়েছিল। পাল্টা আক্রমণের প্রস্তুতি হিসেবে ইউক্রেইনীয় বাহিনী রাশিয়ার সামরিক সরবরাহ ব্যবস্থায় আক্রমণ চালায়।
পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে ইউক্রেইনে রুশ বাহিনীর যেসব সরমযান এবং সমরাস্ত্র ধ্বংস হচ্ছে সেগুলোর জায়গায় নতুন করে সরমযান এবং সমরাস্ত্র পাঠানোর সক্ষমতাও সীমিত হয়ে গেছে।
