০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩

সর্বশেষ প্রস্তাবের বিষয়ে যুক্তরাষ্ট্রের সাড়া পাওয়ার দাবি ইরানের

ইরানের এক মুখপাত্র জানিয়েছেন, তেহরানের সর্বশেষ প্রস্তাবে যুক্তরাষ্ট্র সাড়া দিয়েছে বলে সরকারকে জানিয়েছেন আরাকচি।

সর্বশেষ প্রস্তাবের বিষয়ে যুক্তরাষ্ট্রের সাড়া পাওয়ার দাবি ইরানের

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। ছবি: রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 01 Oct 2026, 11:30 AM

Updated : 01 Oct 2026, 11:30 AM

ইরান জানিয়েছে, ভেস্তে যাওয়া যুদ্ধবিরতি পুনরুজ্জীবনে তাদের সর্বশেষ প্রস্তাবে যুক্তরাষ্ট্রের সাড়া পেয়েছে তারা।

গত সপ্তাহে ইরান একটি প্রস্তাব উপস্থাপন করেছে। এতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ইরানি বন্দরগুলো থেকে তাদের নৌ-অবরোধ সরিয়ে নেবে আর ইরান সাতদিনের মধ্যে হরমুজ প্রণালি ফের উন্মুক্ত করবে।

রোববার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেছিলেন, তিনি এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। কিন্তু ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়েছিলেন, তারা প্রত্যাখ্যানের আনুষ্ঠানিক কোনো বার্তা পাননি।

বুধবার এক্স এ ইরান সরকারের এক মুখপাত্র জানিয়েছেন, ইরানের সর্বশেষ প্রস্তাবে যুক্তরাষ্ট্র সাড়া দিয়েছে বলে সরকারকে জানিয়েছেন আরাকচি।

ইরান জানিয়েছে, তাদের পরিকল্পনা হচ্ছে জুনে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ও ট্রাম্প যে অন্তর্বর্তীকালীন চুক্তিতে স্বাক্ষর করেছিল সেটি আবার পুনর্বহাল করা। স্বাক্ষরের দুই সপ্তাহ পর ওই চুক্তিটি ভেস্তে গিয়েছিল।

যুদ্ধবিরতি ভেঙে পড়ার পর থেকে গত সপ্তাহে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে যুদ্ধরত পক্ষগুলোর মধ্যে প্রথমবারের মতো পরোক্ষ আলোচনা শুরু করে কাতারের মধ্যস্থতাকারীরা।

এই আলোচনার বিষয়ে অবহিত এক কর্মকর্তা, যিনি ইরানি নন এবং রয়টার্সের সঙ্গে নাম প্রকাশ না করার শর্তে কথা বলেছেন, তিনি জানান, আরাকচি নিউ ইয়র্ক থেকে তেহরানে ফেরার পথে মঙ্গলবার দোহায় যাত্রাবিরতি করেছিলেন, তখন কাতারি মধ্যস্থতাকারীরা তাকে যুক্তরাষ্ট্রের সাড়ার বিষয়টি অবহিত করেন।

এই কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, যে পদক্ষেপগুলো নেওয়া দরকার সেগুলোর বিষয়ে পক্ষ দুটি অনেকাংশেই একমত, কিন্তু সেগুলো কী ক্রমানুযায়ী গ্রহণ করতে হবে তা নিয়ে এখনও দ্বিমত রয়ে গেছে।

ইরান এমনটি একটি চূড়ান্ত চুক্তি চায় যার মাধ্যমে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ তেল সরবরাহের জলপথ হরমুজ প্রণালির ওপর তাদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হবে। এই প্রণালিটি ইরানের উপকূল ঘেঁষে গিয়েছে।

কয়েক সপ্তাহ ধরে এই প্রণালি দিয়ে জাহাজ চলাচল কিছুটা বেড়েছে। কিন্তু অপরিশোধিত তেল, পরিশোধিত পেট্রলিয়াম পণ্য ও প্রাকৃতিক গ্যাসের সরবরাহ উল্লেখযোগ্যভাবে বিঘ্নিত অবস্থায় রয়েছে। এর মধ্যেই মঙ্গলবার প্রণালিটিতে দুটি জাহাজে ফের হামলার ঘটনা ঘটেছে বলে যুক্তরাজ্যের সামুদ্রিক নিরাপত্তা সংস্থা ইউকেএমটিও জানিয়েছে। দুটি জাহাজে অজ্ঞাত ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে বলে বুধবার জানিয়েছে তারা।