স্বাধীনতা দিবসে হামলার ’কঠোর জবাব’ দেবে ইউক্রেইন: জেলেনস্কি
২৪ অগাস্ট বুধবার সোভিয়েত শাসন থেকে স্বাধীন হওয়ার ৩১ বছর পালন করতে চলেছে ইউক্রেইন। এ সময় রাশিয়ার কদর্য হামলা চালাতে পারে বলে কিইভের অনুমান।
ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দেশের স্বাধীনতা দিবসে যে কোনও হামলার ‘কঠোর জবাব’ দেওয়া হবে বলে রাশিয়াকে হুঁশিয়ার করেছেন।
২৪ অগাস্ট বুধবার সোভিয়েত শাসন থেকে স্বাধীন হওয়ার ৩১ বছর পালন করতে চলেছে ইউক্রেইন। এ দিবস পালনের সময় ইউক্রেইনে রাশিয়ার হামলার তীব্রতা বাড়তে পারে বলে কিইভের অনুমান।
জেলেনস্কি এ সপ্তাহের শুরুতেই স্বাধীনতা দিবসকে সামনে রেখে রাশিয়ার ‘কদর্য’ হামলার আশঙ্কা প্রকাশ করে নাগরিকদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছিলেন।
এবার তিনি রাশিয়াকে হুঁশিয়ার করলেন। বিবিসি জানায়, পোল্যান্ডের প্রেসিডেন্টের ইউক্রেইন সফরকালে এক সংবাদ সম্মেলনে রয়টার্স বার্তা সংস্থাকে জেলেনস্কি বলেছেন, “ইউক্রেইনের জবাব বাড়বে। এটি কেবলই কঠোর থেকে আরও কঠোর হবে।”
পোল্যান্ডের প্রেসিডেন্ট বলেছেন, “জেলেনস্কি ও তার যোদ্ধা বাহিনী ইউক্রেইন রাষেট্রর অখন্ডতা রক্ষায় লড়ে যাচ্ছে।”
গত শনিবার জেলেনস্কি এক ভিডিও ভাষণে বলেছিলেন, ২৪ অগাস্টের আয়োজনের আগে মস্কোকে ‘ভয় আর হতাশা’ ছড়ানোর সুযোগ দেবে না ইউক্রেইনীয়রা। তিনি সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেন।
এর আগে যুক্তরাষ্ট্রও ইউক্রেইনের বেসামরিক অবকাঠামো এবং সরকারি ভবনগুলোর ওপর রাশিয়ার নতুন হামলার পরিকল্পনার ব্যাপারে সতর্ক করেছিল।
কিইভে রাশিয়ার গোলা হামলা হওয়ার সতর্কবার্তার মুখে নগরীটিতে ইউক্রেইনের স্বাধীনতা দিবস পালনের অনুষ্ঠান বৃহস্পতিবার পর্যনত নিষিদ্ধ রাখা হয়েছে।
