২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পিয়ংইয়ং সফরে ইচ্ছুক পুতিন: উত্তর কোরিয়া

দুই দশকেরও বেশি সময়ের মধ্যে উত্তর কোরিয়ায় এটি হবে রুশ নেতার প্রথম সফর।

পিয়ংইয়ং সফরে ইচ্ছুক পুতিন: উত্তর কোরিয়া

ছবি: রয়টার্স।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jan 2024, 06:21 PM

Updated : 21 Jan 2024, 06:21 PM

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শিগগিরই পিয়ংইয়ং সফরের ইচ্ছা প্রকাশ করেছেন। গত সপ্তাহে রাশিয়া সফরকালে উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী চো সন হুইয়ের সঙ্গে বৈঠককালে পুতিন এই ইচ্ছা প্রকাশ করেন বলে রোববার জানিয়েছে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ।

উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সহকারী কার্যালয়ের বরাত দিয়ে কেসিএনএ বলেছে, পুতিন উত্তর কোরিয়ার নেতা কিম জং উনকে সফরের আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদও জানিয়েছেন।

দুই দশকেরও বেশি সময়ের মধ্যে উত্তর কোরিয়ায় এটি হবে রুশ নেতার প্রথম সফর।

সোমবার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, কিমের আমন্ত্রণে ‘অদূর ভবিষ্যতে’ পুতিনের উত্তর কোরিয়া সফর হবে বলে আশা করা হচ্ছে। তবে এখন পর্যন্ত এ সফরের কোনো তারিখ নির্ধারণ করা হয়নি বলে জানান তিনি।

এর আগে ১৯৯৯ সালে বরিস ইয়েলৎসিনের কাছ থেকে দায়িত্ব নেওয়ার পর পুতিন কিম জং- উনের বাবা কিম জং ইলের সঙ্গে বৈঠকের জন্য ২০০০ সালের জুলাইয়ে পিয়ংইয়ং সফর করেছিলেন।

পেসকভ ইতোপূর্বে বলেছিলেন, গত সেপ্টেম্বরে রাশিয়া সফরকালে পুতিনকে উত্তর কোরিয়ায় আমন্ত্রণ জানিয়েছিলেন কিম।

সম্প্রতি কয়েক বছরে কিম এবং পুতিনের ক্রমবর্ধমান সম্পর্ক ওয়াশিংটন ও এর মিত্রদের উদ্বেগ বাড়িয়েছে। জাতিসংঘ নিষেধাজ্ঞা উপেক্ষা করে উত্তর কোরিয়া এবং রাশিয়ার অস্ত্র ব্যবসার নিন্দা জানিয়ে আসছে যুক্তরাষ্ট্র ও এর মিত্ররা।