২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রের সঙ্গে গ্যাস চুক্তি ঘোষণা করবেন সুনাক

প্রাকৃতিক গ্যাস চুক্তি সংক্রান্ত আলোচনা চূড়ান্ত পর্যায়ে আছে। দু’এক সপ্তাহের মধ্যে এ নিয়ে ঘোষণা আসতে পারে,জানিয়েছে দ্য টেলিগ্রাফ।

যুক্তরাষ্ট্রের সঙ্গে গ্যাস চুক্তি ঘোষণা করবেন সুনাক

ছবি: রয়টার্স

রয়টার্স

Published : 08 Nov 2022, 06:11 PM

Updated : 08 Nov 2022, 06:11 PM

ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক কপ-২৭ জলবায়ু সম্মেলনের পর যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি বড় ধরনের প্রকৃতিক গ্যাস চুক্তির ঘোষণা দেবেন বলে আশা করা হচ্ছে।

সোমবার ব্রিটিশ সংবাদপত্র দ্য টেলিগ্রাফ এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

যুক্তরাষ্ট্র আগামী বছর প্রায় এক হাজার কোটি ঘনমিটার তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহের প্রতিশ্রুতি দেবে বলে যুক্তরাজ্য আশা করছে।

টেলিগ্রাফ জানায়, এ চুক্তি সংক্রান্ত আলোচনা চূড়ান্ত পর্যায়ে আছে। দু’এক সপ্তাহের মধ্যে এ নিয়ে ঘোষণা আসতে পারে।

তবে পত্রিকাটি আরও জানায়, চুক্তির আওতায় ঠিক কী পরিমাণ গ্যাস সরবরাহ করা হবে, তা নিয়ে এখনও দরকষাকষি চলছে। চুক্তিটি প্রকাশের সময় কতটুকু গ্যাস সরবরাহ করা হবে তা সুনির্দিষ্ট করে নাও বলা হতে পারে বলে মনে করা হচ্ছে।

তাছাড়া, আসছে শীতে যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলো যুক্তরাজ্যের জ্বালানি ব্যবস্থায় কতটা গ্যাস বিক্রি করবে, তাও এখনও পরিষ্কার নয়।

ইউক্রেইনে রুশ অভিযানের জেরে ইউরোপ জ্বালানি সংকটে থাকায় এ বছরের শুরুর দিকে যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)-কে ১৫০০ কোটি ঘনমিটার তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহে রাজি হয়েছিল।

যুক্তরাজ্যের ন্যাশনাল গ্রিড বলছে, দেশটি বাইরে থেকে গ্যাস সরবরাহ নিশ্চিত করার বিষয়টি নির্ভর করছে দামের ওপর।

যুক্তরাষ্ট্র সরকারের হিসাব অনুযায়ী, তাদের নতুন তিনটি গ্যাস ক্ষেত্রে পুরোপুরি কার্যক্রম শুরু হওয়ার পর সরবরাহের সক্ষমতা ২০২৫ সাল নাগাদ কিছুটা বাড়বে।

এই গ্যাসক্ষেত্রগুলো থেকে এই বছরের শেষ ভাগে প্রতিদিন বাড়তি ৫৭০ কোটি থেকে প্রায় ১১৭৫ ঘনমিটার গ্যাস রপ্তানি হবে।