ঢাকা, এপ্রিল ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লিবিয়ায় অস্থিরতা ও সহিংসতার কারণে তিউনিসিয়া সীমান্তে আটকা পড়া বাংলাদেশিদের ফিরিয়ে আনতে বাংলাদেশ বিমানের আরো ফ্লাইট চেয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়ের কাছে এরই মধ্যে এ বিষয়ে আবেদন জানানো হয়েছে বলে রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়, তিউনিসিয়ার রাসদির সীমান্তে ৫৮৯ বাংলাদেশি দেশে ফেরার অপেক্ষায় রয়েছেন। ২ এপ্রিল লিবিয়া থেকে মোট ৩৩৮ বাংলাদেশি সীমান্তের ওই পয়েন্টে পৌঁছান।
এ পর্যন্ত ৩৩ হাজার ৮৯৬ জন বাংলাদেশি লিবিয়া থেকে দেশে ফিরে এসেছেন। এদের বড় একটি অংশ এসেছেন আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) তত্ত্বাবধনে। বাকিরা এসেছেন তাদের চাকরিদাতাদের ব্যবস্থাপনায়।
আটকা পড়া বাংলাদেশিদের ফিরিয়ে আনার কাজ তরান্বিত করতে বাংলাদেশ বিমানও ফ্লাইট পরিচালনা করছে।
পররাষ্ট্র্র মন্ত্রণালয় জানিয়েছে, এ পর্যন্ত মোট ১২৩টি ফ্লাইটে করে বাংলাদেশিরা দেশে ফিরেছেন। আইওএম ও বাংলাদেশ সরকার এর মধ্যে ১১২টি ফ্লাইটের ব্যবস্থা করেছে। আর বাংলাদেশ বিমান ১২টি ফ্লাইট পরিচালনা করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/এএল/জেকে/২৩২৭ ঘ.
bdnews24