২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিসরাতায় গোলা হামলা, অস্ত্রবিরতি প্রস্তাব বিদ্রোহীদের

লিবিয়ার মিসরাতা শহরে শুক্রবার বিদ্রোহীদের ওপর চড়াও হয়েছে গাদ্দাফির অনুগত বাহিনী। তারা ট্যাংক ও গোলা হামলা চালাচ্ছে বলে জানিয়েছেন এক বিদ্রোহী মুখপাত্র।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Apr 2011, 03:58 PM

Updated : 24 Aug 2022, 02:48 PM

ত্রিপোলি, এপ্রিল ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- লিবিয়ার মিসরাতা শহরে শুক্রবার বিদ্রোহীদের ওপর চড়াও হয়েছে গাদ্দাফির অনুগত বাহিনী। তারা ট্যাংক ও গোলা হামলা চালাচ্ছে বলে জানিয়েছেন এক বিদ্রোহী মুখপাত্র। ওদিকে, বেনগাজিতে জাতিসংঘ দূতের সঙ্গে বৈঠকের পর এক বিদ্রোহী নেতা শর্তসাপেক্ষে অস্ত্রবিরতির প্রস্তাব দিয়েছেন বলে খবর পাওয়া গেছে। গাদ্দাফির লিবিয়া ত্যাগ এবং সরকারের নিয়ন্ত্রণে থাকা শহরগুলো থেকে গাদ্দাফির অনুগত বাহিনী প্রত্যাহারের শর্তে এ প্রস্তাব দেওয়া হয়। তবে লিবিয়া সঙ্কট নিরসনে বৃহত্তর কূটনৈতিক পদক্ষেপের আওতায় এ প্রস্তাব এসেছে কিনা তা পরিস্কার জানা যায় নি। মিসরাতা থেকে বিদ্রোহীরা জানিয়েছে, গাদ্দাফি বাহিনী পশ্চিমাঞ্চলে বিদ্রোহীদের সর্বশেষ এ ঘাঁটিতে প্রচণ্ড বোমা হামলা চালাচ্ছে। লড়াইয়ে তারা ট্যাংক, রকেট চালিত গ্রেনেড, মর্টারের গোলাসহ ভারি অস্ত্র ব্যবহার করছে এবং সাধারণ মানুষসহ কেউই এ হামলা থেকে রেহাই পাচ্ছে না বলে জানান বিদ্রোহী মুখপাত্র সামি। হামলায় অঞ্চলটি এতটাই বিধ্বস্ত হয়েছে যে একে আর চেনা যাচ্ছে না। এ ধ্বংসযজ্ঞ ভাষায় বর্ণনা করা যায় না বলে মন্তব্য করেন তিনি। মিসরাতার এক চিকিৎসক জানিয়েছেন, শহরটি দখল করতে শুক্রবার উন্নতমানের ৩২তম-ব্রিগেড পাঠিয়েছে সরকার। তিনি বলেন, আন্তর্জাতিক সম্পদায় কোথায়? এটিই এখন প্রশ্ন। তবে ব্রেগায় শুক্রবার বিদ্রোহীরা ভারি অস্ত্র নিয়ে গাদ্দাফি বাহিনীর ওপর চড়াও হয় বলে জানা গেছে। কিন্তু কোনো পক্ষই ব্রেগা শহরের নিয়ন্ত্রণ দাবি করতে পারেনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২১৩৯ঘ.